স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ হলেও প্রথমার্ধে আর্সেনালের কাছে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধ শেষে আর্সেনালের উইঙ্গার ট্রসার্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর দ্বিতীয় হাফে কোণঠাসা হয়ে পড়ে গানাররা।
তবুও শেষ পর্যন্ত জয় পেতে ডিফেন্ড করে গেছে আর্সেনাল। তবে ম্যাচে বাড়ানো সময়ের শেষ মিনিটে জন স্টোনস আর্সেনালের জয় ছিনিয়ে সিটিকে ড্র উপহার দেয়। দ্বিতীয় হাফে পুরোটাই খেলেছে ম্যানসিটি। যা ম্যাচ শেষে বলেছেন সিটি মিডফিল্ডার বের্নার্ডো সিলভা।
তিনি বলেন, ‘সেখানে একটি দলই খেলেছে। অন্য দল ম্যাচ বাঁচাতে যা প্রয়োজন তা করেছে। রেফারিও তাদের তা করার অনুমতি দিয়েছে। তবে আমি আনন্দিত যে আমরা ম্যাচটা থেকে একটি পয়েন্ট আদায় করেছি।‘
বর্তমান সময়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগ শিরোপার জন্য মূল প্রতিদ্বন্দ্বী ধরা হয় আর্সেনালকে। তবে সিলভা আর্সেনালকে উপহাস করে বলেছেন, আগে যখন তাদের মূল প্রতিপক্ষ লিভারপুল ছিল তখন তারা জয়ের জন্য খেলত, তবে আর্সেনাল তার জন্য খেলে না।
সিলভা বলেন, ‘হয়তো লিভারপুল ইতিমধ্যেই প্রিমিয়ার লিগ জিতেছে, আর্সেনাল পায়নি। যে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর্সেনাল তা করেনি। লিভারপুল সবসময় ম্যাচ জেতার চেষ্টা করার জন্য আমাদের মুখোমুখি হতো, তাই এই দৃষ্টিকোণ থেকে আর্সেনালের বিপক্ষে ম্যাচগুলো লিভারপুলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৫