শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

হাসিনাকে ফেরত এনে বিচার করা হবে: ড. ইউনূস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে।  

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। সেখানে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তিনি। তার এই আচরণকে অবন্ধুসুলভ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে। 

ওই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করেছে পিটিআই।

ঢাকায় তার সরকারি বাসভবনে বুধবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থি হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয়।

ড. ইউনূস বলেন, “হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না। কারণ আমরা তাকে বিচারের জন্য দেশে ফেরত আনতে চাই। তিনি মাঝে মাঝে সেখান থেকে কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন, মানুষও বিষয়টি ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন, যা কেউই পছন্দ করছে না।”

এই বক্তব্যে ড. ইউনূস সম্ভবত ১৩ আগস্ট হাসিনার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘ন্যায়বিচার’ দাবি করেন এবং সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িতদের শাস্তির আহ্বান জানান।

ড. ইউনূস পিটিআইকে বলেন, “এটি আমাদের বা ভারতের জন্য ভালো নয় এবং এটি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে।”

হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে স্পষ্ট করেছে কিনা জানতে চাইলে ড. ইউনূস বলেন, “মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত।”

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, “সবাই বিষয়টি বোঝে। আমরা দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ; তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি স্বাভাবিক নিয়মে ভারতে যাননি; জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন।”

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায়বিচারের জন্য হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “‘হ্যাঁ, তাকে (হাসিনাকে) ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন, তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে।’”

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit