স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এর আগের মৌসুমে ৩৫টি গোল করে রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে এবারের ২০২৪-২৫ মৌসুমটাও গোল দিয়েই শুরু করলেন এই পর্তুগিজ মহাতারকা। সঙ্গে গড়লেন কীর্তিও। সৌদি ক্লাবটির হয়ে গত রাতে আল রাদের বিপক্ষে ম্যাচে ছুঁলেন লিগে ৫০ গোলের মাইলফলক।
অবশ্য রোনালদোর মাইলফলকের ছোঁয়ার দিনে ঘরের মাঠে হোঁচট খেয়েছে আল নাসর। আল রাদের বিপক্ষে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করেছে তারা। গত রাতে কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে ম্যাচের ৩৪তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় আল নাসর। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে আল রাদ।
পরে ম্যাচের ৮৫তম মিনিটে আরও একবার জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে সেটি বাতিল হয় ভিএআরে। এতেই ম্যাচ শেষ হয় ১-১ ড্রয়ে।আল নাসরের হয়ে লিগে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো খেলেছেন ৪৮টি ম্যাচ। তাতেই পূরণ করলেন গোলের ফিফটি।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৩৩