স্পোর্টস ডেস্ক ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ। আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামীকাল বুধবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। তার আগে আজই বিশ্বকাপের দল ঘোষণা করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
কিন্তু দল ঘোষণার আগে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে চলছে নাটক। গুঞ্জন রয়েছে অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি বিশ্বকাপ দলে তামিমকে না রাখার পক্ষে।
এই সমস্যার সমাধানে গত রাতে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় মিটিং করেন সাকিব-হাথুরু। সেই মিটিংয়ে হয়তো সমস্যার সমাধান হয়নি।
যে কারণে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডে আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হয়তো মাশরাফি-সাকিব-হাথুরুসিংহের সঙ্গে বসে তামিমকে বিশ্বকাপ দলে রাখা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পাপন।