স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। হাংজুতে আজ প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয় স্মৃতি মান্ধানারা। বৃষ্টির বাগড়ায় ম্যাচের ফল হয়নি। এরপরও প্রতিযোগিতার নিয়ম অনুসারে ভারত পৌঁছে গেছে শেষ চারে।
এশিয়ান গেমসে নিয়ম করা হয়েছে, নকআউটের কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র্যাঙ্কিংয়ে এগিয়ে, তারাই পরের পর্বে যাবে। আর এই নিয়মেই ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে।
ম্যাচের শুরু থেকেই এদিন ছিল বৃষ্টির বাগড়া। টস হতেও দেরি হয়েছিল। টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসে ৫.৪ ওভারে ফের বৃষ্টি হানা দেয়। ফলে ম্যাচটি ১৫ ওভারে নেমে আসে। ভারত এই ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। শেফালি ভার্মা ঝোড়ো ইনিংস খেলেন। ৩৯ বলে ৪ চার ৫ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন। জেমাইমা রদ্রিগেজ ২৮ বলে অপরাজিত ৪৭ রান করেন।
বৃষ্টি আইনে ১৫ ওভারে মালয়েশিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রানের। কিন্তু তাদের ইনিংসে মাত্র ২ বল খেলা হতেই বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে খেলছে। বাংলাদেশ আগামীকাল হংকংয়ের মুখোমুখি হবে।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮