বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

জয়ের রেকর্ড ধরে রাখতে নামছে কিংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আজ আরেকটি এএফসি কাপের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২০২১ ও ২০২২ সালে খুব কাছে গিয়েও তারা পারেনি গ্রুপসেরা হতে। প্রতিবারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় ভারত জায়ান্ট মোহনবাগান। অথচ দুই আসরেই মালদ্বীপ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসকে হারিয়ে সম্ভাবনা জাগিয়েছিল কিংস। আজ আবার সেই মাজিয়ার সঙ্গে কিংসের খেলা।

দুই আসর পর এএফসি কাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফেরায় অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট পাওয়াই কিংসের প্রথম লক্ষ্য। মালে ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। ২০২১ সালে মালেতেই স্বাগতিক মাজিয়াকে কিংস হারিয়েছিল ২-০ ব্যবধানে। গত বছর কলকাতায় কিংসের জয় ১-০ ব্যবধানে। স্বাভাবিকভাবে মালদ্বীপ চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের এই ধারা অব্যাহত রাখতে চাইবে টানা চার বিপিএল লিগজয়ী কিংস। গত আগস্টে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে শারজাহ এফসির কাছে হারার পর কিংসকে ফিরতে হয় এএফসি কাপের গ্রুপপর্বে। যেখানে মাজিয়া ছাড়াও আছে মোহনবাগান ও ভারতের অপর দল উড়িষ্যা এফসি।

হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে চার দল একে অপরের দুবার করে মুখোমুখি হবে। সেরা দল যাবে ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালে। যেই পর্যায়ে বাংলাদেশ থেকে একবারই খেলার যোগ্যতা অর্জন করেছিল ঢাকা আবাহনী। গত কয়েক বছরে আবাহনীর দম্ভ চূর্ণ করে কিংস ঘরোয়া ফুটবলের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এখনো আন্তর্জাতিক অঙ্গনে আবাহনীর ২০১৯ সালের কীর্তি ছাড়িয়ে যাওয়া হয়নি। এবার তাই আটঘাট বেঁধেই চেষ্টা করবে অস্কার ব্রুজোনের দল। আর গ্রুপসেরা লড়াইয়ে প্রথমেই মাজিয়াকে তাদের মাঠে আজ হারাতে হবে।

দুই বছর আগের মতো এবারও স্বাগতিকদের সহজেই কিংস হারাবে, এমনটা চিন্তা করা ভুল হবে বলেই জানালেন কোচ অস্কার ব্রুজোন, ‘আগের চেয়ে মাজিয়া এবার অনেক ব্যালান্সড দল। মালদ্বীপ জাতীয় দলের সেরারা এই দলে। এবার তাদের বিদেশিও ভালো মানের। সুতরাং আমাদের সতর্ক হয়ে খেলতে হবে ওদের সঙ্গে। এএফসি কাপের সব ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। আগামীকাল (আজ) ওরকম কিছুই আশা করছি। তবে আমরা এই ম্যাচটার জন্য সেরা প্রস্তুতি নিয়েই এসেছি। এখান থেকে পয়েন্ট পাওয়া প্রথম লক্ষ্য। তবে কিংস বরাবরের মতো এই ম্যাচেও নামবে জয়ে চোখ রেখে।’

ঘরোয়া ফুটবলে কিংস কয়েক বছর ধরেই যে মানের দল গড়ছে, তাতে তাদের খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। বেশির ভাগ ম্যাচই তারা জিতে নেয় হেসেখেলে। সর্বশেষ লিগে ২০ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট খুইয়েছিল কিংস। ঘরোয়া ফুটবলে কালেভদ্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বলেই আন্তর্জাতিক মঞ্চে কিংসের খেলাটা একটু কঠিন হয়ে পড়ে। তবে শারজাহ এফসির সঙ্গে ম্যাচ এবং দলের স্থানীয়দের বেশিরভাগের জাতীয় দলের হয়ে কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করার ফলে আজ কিংসকেই একটু এগিয়ে রাখতে হচ্ছে।

যদিও মালেতে যেকোনো স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলা কঠিন। সেই কঠিনটা জানা বলেই অভিজ্ঞ কোচ ব্রুজোন খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ মনোসংযোগ আশা করছেন, ‘ছোট ছোট ভুলেই এএফসি কাপে ব্যবধান তৈরি হয়। তাই আমাদের ছেলেদের পুরোটা সময় ম্যাচে মনোসংযোগ থাকতে হবে। ভালো পারফরম্যান্স করেই আমাদের এই ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করতে হবে। শারজাহর বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, সেই ধারাটাই অব্যাহত রাখতে আমরা মাঠে নামব। প্রতিপক্ষ নিজেদের আঙিনায় বাড়তি সুবিধা পাবে।

দলটিতে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ একটা সংমিশ্রণ রয়েছে এবং মালদ্বীপ জাতীয় দলের সেরারাই এই জার্সিতে দীর্ঘদিন ধরে খেলছে। তাই আমাদের অনেক বেশি নিখুঁত ও নির্ভুল থাকতে হবে, যাতে প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পেতে পারি।’অন্যদিকে মাজিয়া এএফসি কাপে শেষ দুই সাক্ষাতে কিংসের কাছে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই আজ মাঠে যাবে। তাতে বলাই যায় রবসন রবিনহো, তপু বর্মণদের জন্য জয়ের ধারা অব্যাহত রাখার কাজটা মোটেই সহজ হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit