শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মরুভূমিতে রাইফেল হাতে ওয়াগনারপ্রধান প্রিগোজিন, দিলেন ভিডিও বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এখন আফ্রিকায় রয়েছেন। প্রিগোজিনের এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এমন ইঙ্গিত মিলেছে। জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার পর এটাই তার প্রথম ভিডিও বার্তা।

সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি ওয়াগনারের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন প্রিগোজিন। এতে সামরিক পোশাক পরিহিত প্রিগোজিনকে রাইফেল হাতে একটি মরুভূমিতে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটা আফ্রিকার কোনো জায়গা।

ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি। তবে সবকিছু আমাদের পছন্দমতো রয়েছে। ওয়াগনার সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে। এখন আফ্রিকার মানুষকে আরও বেশি মুক্ত ও খুশি করতে এবং তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব। আমরা ইসলামিক স্টেট, আল-কায়েদাসহ সব দস্যুর জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব।
প্রিগোজিন আরও বলেন, ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগ অব্যাহত রেখেছে। সেই সঙ্গে যারা এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান, তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে।

ওয়াগনারপ্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোজিনের।

এ অসন্তোষের জেরে ২৩ জুন বিদ্রোহ করেন প্রিগোজিন। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর দিকে অভিযান শুরু করেন তিনি।

প্রিগোজিনের বিদ্রোহের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন। পরবর্তী সময়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযান বন্ধের ঘোষণা দেন প্রিগোজিন। সমঝোতায় বলা হয়, প্রিগোজিনসহ ওয়াগনার সেনারা রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন।

বিদ্রোহের পর ওয়াগনার সেনারা বেলারুশে চলে যান। তবে ওয়াগনারপ্রধান প্রিগোশিনের অবস্থান নিয়ে জল্পনাকল্পনা রয়ে যায়। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তিনি বেলারুশে আছেন। এমনকি তার রাশিয়া সফর এবং পুতিনের সঙ্গে দেখা করার খবরও জানা যায়। কিন্তু কখনোই প্রকাশ্যে আসেননি তিনি।

এর মাঝে নিজেদের সেনাদের উদ্দেশে অজ্ঞাত জায়গা থেকে একটি অডিও বার্তা দেন প্রিগোজিন। ওই বার্তায় তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ওয়াগনার সেনাদের আর কোনো সম্পৃক্ততা নেই। এখন থেকে ওয়াগনার সেনারা আফ্রিকায় মনোনিবেশ করবেন। সূত্র: গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২২.০৮.২০২৩/ সকাল ১১.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit