স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলেতে সোমবার (৭ আগস্ট) মুখোমুখি হয়েছিল গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৩ উইকেটে ১৮৮ রান করে গল। রান তাড়া করতে নামা কলম্বো স্ট্রাইকার্সের ওপেনিংয়ে ব্যাটিং করেন বাবর। ১০৪ রানের ইনিংস খেলেছেন বাবর, করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে তার দশম সেঞ্চুরি।
তার দুর্দান্ত সব শটে যেন মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। এমনকি বাবরকে ‘বিয়ে’ করার ইচ্ছার কথাও জানিয়েছেন। ফিফটির পর বাবরকে নিয়ে ধারাভাষ্যকক্ষে রমিজ বলেন, ‘ক্লাস, গুণাগুণ, ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটি করেছে। এমন পরিস্থিতিতে সে ভালো ব্যাটিং করতে পারে। আমি সত্যিই তাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই।’
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে বাবর ৫৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। ৫৯ বলে ৮ চার ও ৫ ছক্কায় তাঁর ১০৪ রানের ইনিংসে কলম্বো স্ট্রাইকার্স এক বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে। ম্যাচসেরাও হয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। এলপিএলে এবারই প্রথম খেলছেন বাবর। শুরুটা বেশ সাদামাটা হয় তার। তবে এলপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। ৫২.৭৫ গড়ে ২১১ রান করেছেন তিনি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স। দুটি করে ম্যাচ জিতেছেন ও হেরেছেন তারা।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১