শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

‘এবার রাহুলের বিয়েটা দিন’, কৃষাণীর আরজির জবাবে যা বললেন মা সোনিয়া গান্ধী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মূলত গত বছরের ‘ভারত জোড়ো যাত্রা’র মতো এবারও তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কে জোর দিচ্ছে গান্ধী পরিবার। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, গান্ধীদের এই প্রচেষ্টায় সাড়াও মিলছে বেশ। তারা যেখানেই যাচ্ছেন, সাধারণ মানুষ তাদেরকে আপন করে নিচ্ছেন।

কিন্তু এসবের মধ্যে প্রায়ই একটি প্রশ্ন শুনতে হচ্ছে কংগ্রেস নেতা রাহুলকে। মায়ের বয়সী নারী থেকে শুরু করে জোটের নেতা, সবার একই প্রশ্ন, কবে বিয়ে করছেন রাহুল? এবার একই প্রশ্নের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সম্প্রতি গান্ধী পরিবারের আমন্ত্রণে হরিয়ানা রাজ্যের সোনিপাত থেকে নয়াদিল্লিতে আসেন কয়েকটি কৃষক পরিবার ও কৃষিকার্যে যুক্ত বেশ কয়েকজন নারী। তাদের সঙ্গে অনেকটা ঘরোয়া আড্ডার মতো করে কথা বলেন রাহুল গান্ধী, মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা।
 
শনিবার (২৯ জুলাই) সেই কথোপকথনের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তাতে দেখা যায়, কৃষক নারীদের সঙ্গে কথা বলছেন সোনিয়া গান্ধী। খোশমেজাজে দেখা যায় প্রিয়ঙ্কাকেও। ভিডিও’র একটি অংশে দেখা যায়, এক বয়স্ক নারী সোনিয়া গান্ধীর অনেকটা কানেকানেই বলেন, ‘এবার রাহুলজির বিয়েটা দিন।’হাসতে হাসতেই কৃষক নারীর এই আরজির উত্তর দেন সোনিয়া। তাকে বলতে শোনা যায়, ‘আপনারাই পাত্রী দেখুন’। সোনিয়ার এ কথা শুনে অন্য নারীরাও হেসে ফেলেন। কিছুটা দূরে বসা রাহুলের মুখেও তখন লাজুক হাসি।
 
ওই ভিডিও পোস্ট করে রাহুল লিখেছেন, ‘মা, প্রিয়াঙ্কা ও আমার কাছে এটি একটি স্মরণীয় দিন। সোনিপাতের কৃষক বোনেরা দিল্লিদর্শন করলেন, একসঙ্গে বাড়িতে খাওয়া-দাওয়া করলাম ওদের সঙ্গে। খুব হাসিঠাট্টা হয়েছে। সেই সঙ্গে অসম্ভব ভাল উপহার পেলাম-দেশি ঘি, মিষ্টি লাচ্ছি, বাড়িতে তৈরি আচার ও অনেক অনেক ভালবাসা।’
 
এবিপি আনন্দের প্রতিবেদন মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে খাদ্য, নারীর ক্ষমতায়ন, পণ্য ও পরিষেবা কর নিয়ে মানুষের মতামত গ্রহণ করছেন রাহুল। মূলত তারই অংশ হিসেবে দিল্লিতে প্রিয়াঙ্কার বাড়িতে সম্প্রতি ওই কৃষক নারীদের ভূরিভোজের আমন্ত্রণ জানান তিনি। নিজ বাসভবন হাতছাড়া হয়ে যাওয়াতেই বোনের বাড়িতে সকলকে আমন্ত্রণ জানান রাহুল। সেখানেই তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল। ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া ও আনন্দ-আড্ডার পাশাপাশি নারী কৃষকদের সঙ্গে নাচে যোগ দিতে দেখা যায় সোনিয়া ও প্রিয়াঙ্কাকে।
 
প্রতিবেদন মতে, ওই ভিডিওটি গত বছরের ১৬ ডিসেম্বরের। প্রিয়াঙ্কার বাড়িতে আমন্ত্রণ পেয়ে এসেছিলেন কৃষক নারীরা। সেখানে মুদ্রাস্ফীতি, ওষুধের আকাশছোঁয়া দাম, সার, বিদ্যুৎ ও জিএসটি নিয়ে অভাব-অভিযোগ জানান তারা। 
ভিডিও’র এক জায়গায় রাহুলকে বলতে শোনা যায়, ‘মেয়েরা কারও চেয়ে কোনো অংশে কম নন। সমাজ মেয়েদের দমিয়ে রাখে। খোলাখুলি নিজেদের মনের কথা বলা উচিত মেয়েদের।’
 
ভারতের অন্যতম জনপ্রিয় রাজনীতিক ৫৩ বছর বয়সী রাহুল গান্ধী আজও বিয়ে করেননি। এজন্য স্বাভাবিকভাবেই ‘বিয়ে কবে করছেন’ এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাকে। গত মাসে পাটনায় বিরোধী জোটের বৈঠকে রাজনৈতিক আলোচনার মধ্যে আচমকাই রাহুলকে বিয়ের পরামর্শ দেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব।
 
রাহুলের উদ্দেশে লালু বলেন, ‘রাহুলজি এবার বিয়েটা করেই ফেলুন। এখনও বিয়ের বয়স খুব বেশি পেরোয়নি। আমার কথা শুনুন। বিয়েটা করে নিন।’ তিনি আরও বলেন, ‘আপনার মা আমাকে বলেছিলেন, আপনি তার কথা শোনেন না। বিয়ের জন্য উনি আমাকেই রাজি করাতে বলেছিলেন আপনাকে। আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাব।’
 
এর আগে ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাহুলকে। তবে সবসময়ই এই প্রশ্ন শুনে হেসেই উড়িয়ে দিয়েছেন সোনিয়া-পুত্র। আবার কখনও বলেছেন, তার জীবনে ‘বিশেষ কেউ নেই।’কেমন পাত্রী পছন্দ, সে নিয়েও অতীতে মুখ খুলেছেন এই কংগ্রেস নেতা। বলেছেন, ‘মনের মতো পাত্রী পেলেই বিয়ে করব।’ একবার বলেছিলেন, ‘আমি এমন একজন নারীকে বেছে নেব, যার মধ্যে আমার মা (সোনিয়া) ও ঠাকুমা (ইন্দিরা গান্ধী) দু’জনের গুণই রয়েছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit