স্পোর্টস ডেস্ক : সোমবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরো চারজন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার জসপ্রিত বুমরাহ। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিকের মতো সিনিয়ররা।তবে সদ্যঃসমাপ্ত এশিয়া কাপের স্কোয়াডে না থাকা পেসার মোহাম্মদ শামিকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
বিশ্বকাপের দলে ১৫ জনের মধ্যে মোহাম্মদ শামিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ ভারতের সাবেক জাতীয় নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিরাশির বিশ্বকাপজয়ী শ্রীকান্ত বলেন, ‘আমি প্রধান নির্বাচক হলে মোহাম্মদ শামি অবশ্যই ভারতীয় দলের হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ জনের দলে থাকত। ’
শ্রীকান্ত আরো বলেন, ‘শামিকে অবশ্যই দলে রাখা যেত। অস্ট্রেলিয়ার পরিবেশে যেখান বলের গতি একটা ব্যাপার, সেখানে শামি কার্যকর ভূমিকা রাখত। কারণ ওর অ্যাকশন ভালো। শামির বলে মুভমেন্ট আছে, বলের গতি ভালো। প্রয়োজন মতো পিচের বাউন্সকে কাজে লাগায়। দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষের ব্যাটিংকে চাপে রাখতে শামি অনবদ্য। সে কারণেই আমি জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান হলে শামিকে দলে রাখতামই। সে ক্ষেত্রে হার্শাল প্যাটেলের বদলে শামিকেই ১৫ জনের দলে রাখতাম। ’
ভারতের বিশ্বকাপ দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।
স্ট্যান্ডবাই : মোহাম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দিপক চাহার।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫