আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ ও এশিয়ার দেশ তুরস্ক গেল সপ্তাহে তাদের অফিসিয়াল নাম Turkey (তুর্কি) থেকে Türkiye (তুর্কিয়ে) নামে পরিবর্তন করে। জাতিসংঘ তাদের নাম পরিবর্তনের বিষয়টি গ্রহণ করে। জাতিসংঘের পর এবার বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোও তুরস্কের নতুন নাম ব্যবহার করার বিষয়টি অনুমোদন দিয়েছে। খবর ডেইলি সাবাহর।
ফলে জাতিসংঘের পর ন্যাটোতেও Turkey (তুর্কি) এর বদলে Türkiye (তুর্কিয়ে) নামে পরিচিত পাবে তুরস্ক।জাতিসংঘ ও ন্যাটো ছাড়াও অন্যন্য বৈশ্বিক সংগঠনগুলোর কাছেও নতুন নাম অনুমোদন দেওয়ার জন্য আবেদন জানিয়েছে তুরস্ক। এদিকে গত ডিসেম্বর মাস থেকে তাদের ইংরেজি নামের বানান পরিবর্তন করার কাজ শুরু করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ দেশটি। ওই সময় প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান একটি স্মারকলিপি দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছিলেন, প্রত্যেক ভাষায় তারা যেন Türkiye নামটি ব্যবহার করেন।
তিনি বলেছিলেন, Türkiye নামটি তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মানকে সবচেয়ে সঠিকভাবে উপস্থাপন করে।এরদোগান তুরস্কের সকল প্রতিষ্ঠানকে বলেছিলেন তাদের পণ্যে যেন তারা উল্লেখ করেন পণ্যটি Türkiye-তে তৈরি। সূত্র: ডেইলি সাবাহ
কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩