বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

১৬ ডিসেম্বরের পর কী বলবেন হাসিনা?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ডেস্ক নিউজ : রাজনীতিতে প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া যতটা সহজ, বাস্তবে ফিরে এসে জনগণের মুখোমুখি হওয়া ততটাই কঠিন। বিশেষ করে যে রাজনৈতিক নেতৃত্বের শাসনামল রক্তপাত, দমন-পীড়ন, বিরোধী মতের ওপর নিপীড়ন এবং শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে, তাদের জন্য রাজনৈতিক বাস্তবতা কোনো ঘোষণায় বদলে যায় না। জনগণের আস্থা, রাজনৈতিক বৈধতা, আইনের শাসন এবং অতীতের কর্মকাণ্ডের জবাবদিহির মুখোমুখি হয়েই রাজনীতিতে ফিরতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।

কথায় বলে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড যেন সেই প্রবাদটিরই বাস্তব প্রতিফলন। রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং ২০ থেকে ২৫ হাজার মানুষের চিরতরে পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার ক্ষত এখনো শুকায়নি। অথচ ভারতে আশ্রয় নেওয়ার পরও তার ও তার অনুসারীদের অবস্থান থেকে শান্তি বা অনুশোচনার কোনো বার্তা আসেনি; বরং দেশজুড়ে নতুন করে অস্থিরতা, নাশকতা ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক সময়ে রাজপথে জ্বালাও-পোড়াও, যানবাহন ও দোকানপাট ভাঙচুর, বাসে আগুন দিয়ে নিরীহ চালককে পুড়িয়ে হত্যা, প্রতিপক্ষের মিছিলে হামলা, থানা ও হাসপাতালে অগ্নিসংযোগ এবং এমনকি আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো ঘটনা জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি করেছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নজর এড়ায়নি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পেছনে শেখ হাসিনা ও তার অনুসারীদের উসকানি এবং তৎপরতার বিষয়টি উঠে এসেছে। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন না; বরং একে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী তৎপরতা হিসেবেই মূল্যায়ন করা হচ্ছে। 

ক্ষমতায় থাকাকালে দীর্ঘ সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসন, গুম-খুন, বিরোধী মত দমন, তথাকথিত জঙ্গিবাদবিরোধী অভিযানের নামে প্রাণহানি এবং সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দলীয় নেতাকর্মীদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার ঘটনা দেশের রাজনীতিতে এক গভীর সংকট তৈরি করেছিল। বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও শেখ হাসিনার অবস্থান বড় এক প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়েছে। ভারতের মাটিতে আশ্রয় নেওয়া ছাড়া বৈশ্বিক রাজনীতিতে তার পক্ষে কার্যকর কোনো সমর্থন দেখা যাচ্ছে না। ফলে দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, তিনি কার্যত আঞ্চলিক ভূরাজনীতির ক্রীড়নকে পরিণত হয়েছেন এবং বহিরাগত ইশারায় পরিচালিত হচ্ছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, বর্তমান এই সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে উসকানি দিয়ে তিনি দূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যে ন্যূনতম সম্ভাবনাটুকু অবশিষ্ট ছিল, তাও নিজ হাতে ধ্বংস করে দিচ্ছেন।

আমি আগেও বহুবার বলেছি এবং আজও দৃঢ়ভাবে বলছি—শেখ হাসিনা আপাতত বাংলাদেশের রাজনীতিতে ফিরছেন না। আন্তর্জাতিক বাস্তবতা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে তার প্রত্যাবর্তনের কোনো বাস্তব ভিত্তি নেই। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার যে সম্ভাব্য তারিখের কথা সামনে আনা হয়েছে এবং বিমান পাঠানোর দাবি তোলা হয়েছে, সেটিকে আমি একটি কৌশলগত রাজনৈতিক নাটকের অংশ হিসেবেই দেখি। এর পেছনে আঞ্চলিক ভূরাজনীতির হিসাব-নিকাশ ও কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা কাজ করছে বলেই প্রতীয়মান হয়। পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ঘিরে স্থানীয় বিজেপি বিধায়কদের সাম্প্রতিক বক্তব্য ও তৎপরতাও সেই বৃহত্তর রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনেরই ইঙ্গিত দেয়। 

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। পাঠকদের নিশ্চয়ই মনে আছে, সম্প্রতি যখন একটি ব্রিটিশ ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে চারদিকে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল, তখন আমি একটি কলামে প্রশ্ন তুলেছিলাম—তিনি আদৌ কোনো আনুষ্ঠানিক আবেদন করেছেন কি না, নাকি খবরটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে? পরবর্তীতে বাস্তবতা সামনে আসে যে, পাসপোর্টের জন্য শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদনই করা হয়নি; বরং একটি বিতর্কিত ব্রিটিশ ল ফার্ম কেবল দিল্লির বাংলাদেশ দূতাবাসে একটি ইমেইল বার্তা পাঠিয়ে তার পাসপোর্টের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছিল। বিস্ময়করভাবে, সেই ইমেইল দূতাবাসে পৌঁছানোর আগেই রয়টার্সে এ-সংক্রান্ত খবর প্রচারিত হয়, যা দিল্লিতে বাংলাদেশ মিশনের ডেপুটি প্রেস মিনিস্টার স্পষ্ট করেছেন।

এই ঘটনাপ্রবাহ গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, শেখ হাসিনা, সংশ্লিষ্ট কিছু মহল এবং নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক প্রচারমাধ্যমের সমন্বয়ে একটি পূর্বপরিকল্পিত বয়ান তৈরির চেষ্টা চলছে, যার মূল লক্ষ্য বাংলাদেশকে নতুন করে রাজনৈতিক ও মানসিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া। এখানে শেখ হাসিনার প্রকৃত দেশে ফেরা মুখ্য উদ্দেশ্য নয়; বরং একেক সময় একেক দাবি ও তারিখের কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং পরিস্থিতি উত্তপ্ত রাখাটাই মূল কৌশল। তিনি যেভাবে একেক সময় একেক কথা বলছেন এবং পরস্পরবিরোধী ও নাটকীয় আচরণ করছেন, তা বোঝার জন্য বড় কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। আর এই পুরো তৎপরতা ও লবিংয়ের পেছনে অর্থনৈতিক সামর্থ্যের হিসাবও উপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতসহ রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, তার সামান্য অংশ ব্যয় করেই এ ধরনের প্রচারণা, আইনি বা লবিং তৎপরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আয়োজন চালিয়ে যাওয়া হচ্ছে বলেই বিশ্লেষকদের ধারণা। 

সম্মানিত পাঠক, আপনারা আজকের তারিখ লিখে রাখতে পারেন—একজন রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষক হিসেবে আমার সুস্পষ্ট অভিমত হলো, ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরবেন না। হয়তো এরপর ২৬ মার্চ বা অন্য কোনো তারিখের কথা বলা হবে; মার্চ পেরোলে আবার আগস্ট বা ডিসেম্বরের প্রসঙ্গ সামনে আসতে পারে। এভাবে বারবার প্রত্যাবর্তনের সম্ভাবনা জিইয়ে রেখে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তেজনা তৈরি করা এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য। যাতে করে দেশের আইনশৃঙ্খলা, বিনিয়োগ, উৎপাদন,আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিকে চাপে ফেলার ঝুঁকি তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সরকারের প্রতি আমার স্পষ্ট পরামর্শ হলো—শেখ হাসিনার এই ধারাবাহিক নাটকীয়তা ও অস্থিরতা তৈরির কৌশলকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার কাজে সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে ফাঁকা বুলি বা রাজনৈতিক বয়ান তৈরি হচ্ছে, তা শুধু আমার একার পর্যবেক্ষণ নয়। দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতির একাধিক বিশ্লেষক ও সাবেক কূটনীতিক—যেমন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, মার্কিন গবেষক ও বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার, ভারতের বিশ্লেষক অধ্যাপিকা শ্রীরাধা দত্ত এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান—বিভিন্ন সময়ে এমন ইঙ্গিত দিয়েছেন যে, আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক টানাপোড়েনের চেয়ে রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি। 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত। অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে প্রতিবেশী দেশের সঙ্গে বাস্তববাদী ও মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন। নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারেরও উচিত সেই স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে সবার সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করা।

আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনীতিকদের এই মতের সঙ্গে আমি পুরোপুরি একমত যে, কোনো নির্দিষ্ট ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ বা অতীত অধ্যায়কে কেন্দ্র করে দেশের জাতীয় স্বার্থ, কূটনৈতিক ভারসাম্য কিংবা অর্থনৈতিক অগ্রযাত্রাকে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটি অতীত অধ্যায়। তাকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে দেশের শান্তি, উৎপাদন, আমদানি, রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই দূরদর্শিতার পরিচয় হবে না। 

এদিকে দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যে তথ্য তুলে ধরেছেন, তা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে। তার ভাষ্য অনুযায়ী, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় ১৫৮টি সহিংস ও নাশকতামূলক ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল ও পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশ স্থাপনায় হামলা এবং মহাসড়ক অবরোধের মতো ঘটনা রয়েছে। গোপালগঞ্জ ও মুকসুদপুরে থানায় হামলা ও অগ্নিসংযোগ, বিজিবি সদস্যের আহত হওয়া, বাসে অগ্নিসংযোগে চালকের প্রাণহানি, মিছিলে হামলায় প্রাণহানি এবং তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার মতো গুরুতর অভিযোগও ব্রিফিংয়ে উঠে এসেছে। সরকার এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ এনে বিদেশে অবস্থানরত অভিযুক্তদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব ও আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। 

বিদেশি কূটনীতিকদের সামনে সহিংসতার সার্বিক চিত্র তুলে ধরার এই উদ্যোগ খুবই কার্যকর এবং ইতিবাচক বলে আমি মনে করি।

পরিশেষে বলতে চাই,ধ্বংসাত্মক সহিংসতা, জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের পথ বেছে নিয়ে কোনো রাজনৈতিক শক্তি কখনোই জনগণের হৃদয়ে ঠাঁই করে নিতে পারেনি। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ রক্তপাত ও নৈরাজ্যের রাজনীতি আর কখনোই মেনে নেবে না। সরকারের উচিত দৃঢ়তা, আইনের শাসন এবং সুশাসনের মাধ্যমে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া—যাতে কোনো বহিরাগত বা অভ্যন্তরীণ অপচেষ্টাই বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে। মহান আল্লাহ সুবাহানাতালা আমাদের সহায় হোন। 

লেখক:
সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: ahabibhme@gmail.com

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit