মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর। মাটিরাঙ্গায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? মুসিয়ালাকে নিয়ে আর কথা নয়, মাঠে ফিরতে সময় দিতে চান বায়ার্ন সিইও আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট দ্রুত পড়ছে মুদ্রার মান, তবুও মাথা নোয়াচ্ছে না ইরান তারকাখ্যাতির পরও প্রত্যাশা পূরণে ব্যর্থ ধানুশ নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥

সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : সরকার বদলেছে, বদলায়নি জ্বালানি আমদানির পুরনো ব্যাবসায়িক চক্র। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মদদে এজাজুর রহমান যে ব্যাবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার প্রভাব বহাল আছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব থেকে শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দরপত্র ও কার্যাদেশ—সবখানেই রয়েছে আওয়ামী আমলের এই বলয়ের সংশ্লিষ্টতার অভিযোগ। বিপিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও বিভিন্ন সময় এজাজের ব্যাবসায়িক প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন।

এই পুরনো বলয়ের তৎপরতা এবার সামনে এসেছে সিঙ্গাপুরের একটি পাঁচতারা হোটেলে জ্বালানি আমদানি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, জিটুজি পদ্ধতিতে ক্রয়, টেন্ডারে অংশগ্রহণ, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম নির্ধারণ নিয়ে হচ্ছে এই বৈঠক।

গণমাধ্যমের হাতে আসা কার্যপত্রে এসব বিষয়ে আলোচনার তথ্য রয়েছে। বৈঠক ঘিরে কমিশন ভাগাভাগি ও ব্যাবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগও উঠেছে। সরকারি কর্মকর্তা ও সম্ভাব্য ব্যাবসায়িক সুবিধাভোগীদের একই বৈঠকে উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে স্বার্থের সংঘাতের প্রশ্ন।

সিঙ্গাপুরের বৈঠকে কী হচ্ছে? : ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানির ‘প্রিমিয়াম নেগোশিয়েশন মিটিং’ ও বিভিন্ন পরিচালনাগত বিষয়ে আলোচনার জন্য ২৩ থেকে ২৬ নভেম্বর সিঙ্গাপুরে বৈঠক হচ্ছে।  বৈঠকের ওপর নজর রাখছেন মি. চেন।

বৈঠকের কার্যপত্র অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন কম্পানির কর্মকর্তা ও মধ্যস্থতাকারীরা অংশ নিচ্ছেন। আলোচনায় থাকছে—জিটুজি পদ্ধতিতে কি জ্বালানি কেনা হবে, কোন প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেবে, স্থানীয় ও বিদেশি এজেন্ট কারা হবে, কী দামে জ্বালানি পাওয়া যাবে এবং সরবরাহের শর্ত কী হবে। সূত্রের দাবি, বৈঠকে জিটুজি টেন্ডারে অংশগ্রহণ, ব্যাবসায়িক সুযোগ-সুবধাি বণ্টন ও প্রিমিয়াম কমিশন নিয়েও আলোচনা হচ্ছে।

বৈঠক ঘিরে এজাজের বিরুদ্ধে আরো অভিযোগ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের দাবি, তিনি বৈঠকে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছেন এবং কয়েকজনের হোটেল রুমে গিয়ে উপহার দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি আদেশে সফরের পুরো ব্যয় বিপিসিকে বহন করার নির্দেশ রয়েছে। কর্মকর্তাদের দেশে ফিরে সাত দিনের মধ্যে সফর-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। ফলে সরকারি অর্থে অনুষ্ঠিত এই বৈঠকে কার সঙ্গে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার প্রভাব পরবর্তী জ্বালানি আমদানিতে কিভাবে পড়বে, তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

নেপথ্যে বিপু-এজাজ বলয় : জ্বালানি খাতের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় নসরুল হামিদ বিপুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জ্বালানি আমদানিতে এজাজুর রহমানের প্রভাব বাড়তে থাকে। একের পর এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব চলে আসে তাঁর মালিকানাধীন ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোর হাতে। শেখ পরিবারের আত্মীয়তা, রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ)  সরকারের পতনের পর রাজনৈতিক ক্ষমতার কাঠামো বদলালেও জ্বালানি আমদানির এই ব্যাবসায়িক কাঠামোয় বড় পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, আন্তর্জাতিক সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধিত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখা, বিপিসির ভেতরে পুরনো যোগাযোগ কাজে লাগানো এবং সরবরাহ সংকটকে বাড়তি ব্যাবসায়িক সুবিধা আদায়ের সুযোগ হিসেবে ব্যবহার করে বলয়টি নিজেদের অবস্থান ধরে রেখেছে।

১১ সরবরাহকারীর ছয়টিই এজাজের নিয়ন্ত্রণে : বিপিসির তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে ১১টি। অনুসন্ধানে দেখা গেছে, এর অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যাবসায়িক যোগাযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেডের সঙ্গে।

সূত্র জানায়, এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ‘অফশোর কম্পানি’ যেখানে কালো টাকার লেনদেন হয়। তাঁর আরেকটি শেল কম্পানি থেকে বিদেশি এক ব্যক্তিকে ১৬ মিলিয়ন ডলার ট্রান্সফার করার অভিযোগ রয়েছে।

সেভেন মার্কের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)। অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে সংশ্লিষ্ট পেটকো ট্রেডিং লাবুয়ান কম্পানি লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া ও সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল।

অর্থাৎ কাগজে-কলমে আন্তর্জাতিক সরবরাহকারীরা আলাদা প্রতিষ্ঠান হলেও বাংলাদেশে তাদের স্থানীয় প্রতিনিধিত্বের বড় অংশ এজাজের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে জ্বালানি আমদানির বাজারে প্রতিযোগিতা কতটা উন্মুক্ত, নতুন সরবরাহকারীদের প্রবেশের সুযোগ কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এক বছরে ৭৮ শতাংশ কার্যাদেশ : বিপিসির দরপত্র ও কার্যাদেশ বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জিটুজি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন জ্বালানির কার্যাদেশ পেয়েছে এমন প্রতিষ্ঠান, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যাবসায়িক সংযোগ রয়েছে এজাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। পরিমাণে এটি মোট কার্যাদেশের প্রায় ৭৮ শতাংশ।

সরকার পরিবর্তনের পরও এই চিত্রের খুব একটা পরিবর্তন হয়নি। বিপিসির সর্বশেষ জুন-আগস্ট মেয়াদের দরপত্রে চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যে পিজি-১ প্যাকেজে তিন লাখ ২০ হাজার থেকে তিন লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ইউনিপেক সিঙ্গাপুর। পিজি-২-এ তিন লাখ থেকে তিন লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েল পায় ভিটল এশিয়া। পিজি-৩-এ দেড় লাখ থেকে দুই লাখ টন ফার্নেস অয়েল পায় ট্রাফিগুরা। আর পিজি-৪-এ ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেনের কার্যাদেশ পায় ভিটল এশিয়া।

অর্থাৎ চার প্যাকেজের তিনটির কার্যাদেশ পেয়েছে ইউনিপেক ও ভিটল এশিয়া, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যাবসায়িক যোগাযোগ ড. এজাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। এসব প্যাকেজে সর্বোচ্চ সাড়ে ১১ লাখ টন জ্বালানি আমদানিতে সরকারের সম্ভাব্য ব্যয় ১৭ হাজার কোটি টাকার বেশি।

সংকটে সরবরাহে অপারগ, পরে বাড়তি দামে কেনা : জ্বালানি আমদানিতে এই বলয়ের প্রভাব নিয়ে প্রশ্ন আরো জোরালো হয়েছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ জটিলতার ঘটনায়। বিপিসির বোর্ডসভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, নভেম্বর মাসে জিটুজি সূচিতে থাকা একাধিক চালান সরবরাহে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অপারগতা প্রকাশ করে।

এর মধ্যে রয়েছে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েল চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের ২৩ নভেম্বরের মোগাস চালান। মোট ১১টি চালান নিয়ে সরবরাহ জটিলতার তথ্য পাওয়া গেছে। এসব চালানের সাতটির সঙ্গে এজাজ সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিত্বের যোগসূত্র রয়েছে বলে সূত্রের দাবি। সরবরাহে অনিশ্চয়তার পর বিকল্প উৎস থেকে বেশি দামে জ্বালানি কেনার পরিস্থিতি তৈরি হয়।

বিপিসির নথি অনুযায়ী, দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তিতে ডিজেলের প্রিমিয়াম ছিল ব্যারেলপ্রতি ৯.৫০ ডলার এবং জেট ফুয়েলের ১০.১৫ ডলার। পরবর্তী উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়ার জন্য ডিজেলে প্রিমিয়াম দাঁড়ায় ১৬.৬৮ ডলার এবং জেট ফুয়েলে ১৭.৮৮ ডলার পর্যন্ত।

শুধু পিজি-২ প্যাকেজে দুই লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েলের ক্ষেত্রে বাড়তি প্রিমিয়ামের কারণে অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার বা প্রায় ১৮২ কোটি টাকা। ফলে একদিকে জিটুজি চুক্তিতে কম প্রিমিয়ামে জ্বালানি কেনার সুযোগ, অন্যদিকে সরবরাহ জটিলতার পর বেশি দামে কেনাকাটা, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এলএনজি আমদানিতেও এজাজের বলয় : জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আমদানিতেও পুরনো ব্যাবসায়িক বলয়ের প্রভাব থাকার অভিযোগ রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে দেশে এলএনজি আমদানি শুরু হয়। ২০২০ সালের দিকে বেসরকারি পর্যায়ে খোলাবাজার থেকে আমদানি শুরু হলে ঘুরেফিরে বেশি কাজ পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো—সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাকসিলারেট এনার্জি।

পেট্রোবাংলা সূত্রের তথ্য অনুযায়ী, ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কম্পানির ব্যাবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

ভিটল ও গানভরের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন ড. এজাজুর রহমান। তিনি ওকিইউ ট্রেডিংয়েরও স্থানীয় প্রতিনিধি। ২০১৯ সালে ঢাকায় নিবন্ধিত পাওয়ারকো ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ভিটল এশিয়ার সঙ্গে অংশীদারির কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির অংশীদার ছিলেন নসরুল হামিদের মামা মো. কামরুজ্জামান চৌধুরী ও তাঁর বন্ধু ভারতীয় নাগরিক নাবিল খান। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হাসানকে অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক করা হয়। এ ছাড়া এলএনজি ব্যবসায় নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদের সঙ্গে এজাজুরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বিপিসির সাবেক কর্মকর্তাদের নেটওয়ার্ক : অনুসন্ধানে দেখা গেছে, বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সময় এজাজুর রহমানের সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজে যুক্ত হয়েছেন। তাঁদের কেউ জ্বালানি ক্রয় ও বিপণনে, কেউ আন্তর্জাতিক সরবরাহকারী, দরপত্র ও মূল্য নির্ধারণসংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরিতে অর্জিত অভিজ্ঞতা ও দীর্ঘদিনের যোগাযোগ অবসরের পর বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরো উদ্বেগের বিষয়, সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের কার্যালয় যে ভবনে, একই ভবনে রয়েছে বিপিসির ঢাকা লিয়াজোঁ অফিস। আন্তর্জাতিক দরপত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর ও প্রিমিয়াম অত্যন্ত সংবেদনশীল তথ্য। একই ভবনে অবস্থানের কারণে দরপত্রসংক্রান্ত গোপন তথ্য ফাঁসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জ্বালানি আমদানির ৭৮ শতাংশ কার্যাদেশে একই ব্যাবসায়িক বলয়ের সংশ্লিষ্টতা, বিপিসির সাবেক কর্মকর্তাদের ওই বলয়ের প্রতিষ্ঠানে যোগদান, সরবরাহ সংকটের পর বাড়তি প্রিমিয়ামে কেনাকাটা এবং সিঙ্গাপুরের বৈঠক—সব মিলিয়ে পুরনো সিন্ডিকেটের প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ছাড়া জ্বালানি আমদানির বাজারে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও সরকারি অর্থের সুরক্ষা নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit