মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। দেশগুলো বলেছে, এই রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে দেশগুলো। আদালত গণহত্যা সনদের অধীনে মিয়ানমারকে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের সব বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা বছরের পর বছর ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের এ রায় স্পষ্ট বার্তা দিয়েছে যে, এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে সংঘটিত হতে পারে না।

পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা অপরিহার্য বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের পাশাপাশি মিয়ানমারের সব জনগণের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি দেশগুলো তাদের সমর্থন অব্যাহত রাখবে।

যৌথ এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit