শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটিতে সামরিক হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বরং এ সিদ্ধান্তের দায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দিয়ে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টকে সমর্থন করাই তার দায়িত্ব। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভ্যান্স। গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ওই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভ্যান্সের এমন বক্তব্যে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে রিপাবলিকান পার্টির অস্বস্তিকর অবস্থান আবারও সামনে এসেছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর যুদ্ধের দায় ও এর রাজনৈতিক মূল্য নিয়ে দলটির নেতাদের সতর্ক অবস্থান নিতে হচ্ছে।

নির্বাচনে বিপর্যয়ের পর ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ভ্যান্স। একই সঙ্গে সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার পক্ষেও অবস্থান নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার ওই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন ভ্যান্স।

ওই পোস্টে ভ্যান্স লিখেছিলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে তা বলেছেন। কেউ যদি মনে করেন, যুদ্ধটি সার্থক ছিল এবং এর বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও মেনে নেওয়া যায়, তাহলে সেই যুক্তি তুলে ধরুন। বোঝানোর চেষ্টা করুন, এই মূল্য দেওয়া সার্থক ছিল।’

শুক্রবার ভ্যান্সের ওই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্টের মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে ইরানে হামলার সিদ্ধান্ত যে প্রয়োজনীয় ছিল এবং একই পরিস্থিতিতে ভ্যান্সও তা সমর্থন করতেন, এমন কোনো বক্তব্য দেননি তিনি।

ট্রাম্প বলেন, ‘যারা আমার সঙ্গে কাজ করেন, তাদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। তবে আমি ইরানিদের চিনি। সত্যি বলতে, তারা পাগল।’সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ইরান যুদ্ধের কারণে কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের আসন হারানোর পরও সামরিক অভিযানকে সার্থক মনে করেন কি না। জবাবে ভ্যান্স সরাসরি হামলার পক্ষে অবস্থান না নিয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যটি অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। দেশটি সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া সবচেয়ে বড় দেশ। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। অথবা, সৃষ্টিকর্তা না করুন, তারা হামলা চালিয়ে হাজার হাজার, এমনকি কয়েক লাখ নিরীহ মানুষকে হত্যা করতে পারত।’

ভ্যান্স আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। ট্রাম্প জানিয়েছেন, একই পরিস্থিতিতে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা। উল্লেখ্য, ভ্যান্স দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের বিরোধিতা করে আসছেন। ওয়াশিংটনের হয়ে শান্তি আলোচনায় প্রধান দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গত গ্রীষ্মে তার মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় ফিরতে তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত চিঠিও পাঠিয়েছিলেন ভ্যান্স। কিন্তু নির্বাচনের পর যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে তার মূল্যায়ন প্রকাশের কিছুদিনের মধ্যেই ট্রাম্প ওই উদ্যোগ বন্ধ করে দেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।

ভ্যান্সের উদ্দেশে দেওয়া নির্দেশনার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’এদিকে, চার দিনের এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit