শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস হৃদয় ছোঁয়া সুসংবাদ: যে সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.) বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সশস্ত্র বাহিনীর ইতিহাস: প্রধানমন্ত্রী পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় আকভানের গতিপথ পরিবর্তন কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি পুকুরে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ, চাঁদা না পেয়ে হত্যার অভিযোগ

কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণে এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আধুনিক প্রযুক্তির এত বিস্ময়কর অগ্রগতি সম্পর্কে কুরআনে সরাসরি কোনো উল্লেখ নেই কেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন ইসলামি বক্তা ডা. জাকির নায়েক।

নিসা নামের এক নারী, যিনি আরবি ও কোরীয় ভাষার অনুবাদক হিসেবে কাজ করেন, ডা. জাকির নায়েকের কাছে তার অবিশ্বাসী বসের একটি প্রশ্ন তুলে ধরেন। তার বস কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা, বিশেষ করে মানুষের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার এবং এসব প্রযুক্তির সম্ভাব্য বিপজ্জনক ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। কুরআনে এ ধরনের প্রযুক্তি নিয়ে আলোচনা নেই কেন, সেটিই ছিল তার প্রশ্ন। সন্তোষজনক উত্তর পেলে তিনি ইসলাম গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন বলেও জানান।

জবাবে ডা. জাকির নায়েক বলেন, কুরআন বিজ্ঞানের বই নয়, বরং নিদর্শনের বই। বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশল ও বিভিন্ন গবেষণার প্রতিটি খুঁটিনাটি বিষয় কুরআনে অন্তর্ভুক্ত করা হলে এটি এত বিশাল গ্রন্থে পরিণত হতো যে, একজন মানুষের পক্ষে জীবদ্দশায় তা পড়ে শেষ করাও কঠিন হয়ে পড়ত।

তার ব্যাখ্যা অনুযায়ী, কুরআনের মূল উদ্দেশ্য মানুষকে আল্লাহর পরিচয়, সৃষ্টিজগতের নিদর্শন এবং জীবনের সঠিক পথ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। এতে বিজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্কে যেসব তথ্য এসেছে, সেগুলো সত্য ও নির্ভুল। মানুষের জ্ঞান ও গবেষণা সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও আল্লাহর বাণী অপরিবর্তনীয়।

ডা. জাকির নায়েকের দাবি, আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর যেসব সত্য আবিষ্কার করছে, তার কিছু বিষয়ে কুরআনে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে। কুরআনের বক্তব্যের সঙ্গে পরবর্তী বৈজ্ঞানিক আবিষ্কারের সামঞ্জস্যকে তিনি এর অলৌকিকত্বের অন্যতম দিক হিসেবে তুলে ধরেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও কুরআনের বিধান প্রাসঙ্গিক

কালের পরিবর্তনের সঙ্গে কুরআনের বিধানের প্রাসঙ্গিকতা হারায় না—এ বিষয়টি বোঝাতে ইসলামী বিচারব্যবস্থায় সাক্ষ্য ও প্রমাণের গুরুত্বের উদাহরণ দেন ডা. জাকির নায়েক।

ভিডিও রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজের তুলনায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত প্রমাণ সব সময় নির্ভুল বা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন এমন ডিপফেক ভিডিও তৈরি করা সম্ভব, যেখানে কাউকে এমন কোনো কাজ করতে দেখা যায়, যা বাস্তবে তিনি করেননি। তাই ভিডিও ফুটেজকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

তার মতে, প্রযুক্তির এমন অপব্যবহারের সম্ভাবনা আগে মানুষের কল্পনার বাইরে থাকলেও ইসলামী বিধান প্রমাণ ও সাক্ষ্যের ক্ষেত্রে যে সতর্কতার শিক্ষা দেয়, তা বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজেও গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যত উন্নতই হোক, সত্য যাচাই ও ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো উপেক্ষা করা যায় না।

এআই কি দাজ্জাল?

কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় ক্ষমতা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, এআই কি দাজ্জালের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়? এ প্রসঙ্গে ডা. জাকির নায়েক বলেন, দাজ্জাল কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নয়; বরং হাদিসের বর্ণনা অনুযায়ী, সে একজন মানুষ। তাই আধুনিক কোনো প্রযুক্তিকে সরাসরি দাজ্জাল আখ্যা দেওয়া কিংবা প্রতিটি নতুন আবিষ্কারকে কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করা সঠিক নয় বলে মত দেন তিনি।

প্রযুক্তির যুগে মুমিনের করণীয়

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি এমন একটি প্রযুক্তি, যা কল্যাণকর ও ক্ষতিকর—দুই ধরনের কাজেই ব্যবহার করা সম্ভব। শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও দৈনন্দিন জীবনে এটি যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি ডিপফেক, প্রতারণা, বিভ্রান্তি ছড়ানো এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তির মতো ঝুঁকিও বাড়াচ্ছে।

এ অবস্থায় একজন মুমিনের দায়িত্ব হলো প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা এবং প্রযুক্তির প্রতি মোহ যেন নিজের ঈমান ও আখিরাতের প্রস্তুতিতে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকা।

দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ ও পাঠ করার নির্দেশ দিয়েছেন। তাই প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির এই যুগেও আল্লাহর ওপর বিশ্বাস, কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ এবং আখিরাতমুখী জীবন গড়ে তোলাই একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit