ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, অপমানজনক শব্দচয়ন ও সংঘবদ্ধ সাইবার আক্রমণের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা— এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত-শিবিরের সাইবার হয়রানি ও আক্রমণের ভয়ে অনেকেই দলটির বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। তবে তার মতো অল্প কয়েকজন দলটির কথিত মিথ্যা প্রচারণা ও ন্যারেটিভের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন।
নিজেকেও এমন আক্রমণের শিকার হতে হচ্ছে দাবি করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। দলটির বিভিন্ন কর্মকাণ্ড ও কথিত অসংগতি নিয়ে ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করায় তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করেন তিনি। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও এর প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠকের তথ্য-প্রমাণ প্রকাশের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন রাশেদ খাঁন।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, দলটির নেতাকর্মীদের সঙ্গে সচেতন ও সভ্য সমাজের মানুষের ঘনিষ্ঠতা কম। তারা নিজেদের গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পছন্দ করেন। রাশেদ খাঁন আরও বলেন, বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কর্মকাণ্ডে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অব্যাহত থাকলে একসময় সাধারণ মানুষও দলটির কাছাকাছি যেতে চাইবে না।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:১৫