আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা আসে।
কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছাতে হবে। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ।
এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।
জলবায়ু অভিযোজন ও শিল্পায়নে অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব উদ্যোগে গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন।
সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী ভবন, সাশ্রয়ী আবাসন এবং নগর সহনশীলতা বাড়াতে দেশগুলোর অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:৩০