বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনোই টিকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে অর্থ পাচার ও নানা মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং কিছুই করার থাকে না, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকেই সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিল।

সেই বিপ্লবের মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্বাধীনতা-পরবর্তী সময় এবং বিগত দেড় দশকের শাসনামলের তুলনা করে রিজভী বলেন, অতীতে একদলীয় শাসন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেফতার করা হয়েছে। দেশে আর যেন সেই ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য একটি স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আহ্বান জানান তিনি। বিগত আমলের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকারও কঠোর সমালোচনা করে রিজভী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, বিগত আমলে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পর্যন্ত অর্থের বিনিময়ে হয়েছে। এ ছাড়া পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।

ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে রুহুল কবির রিজভী বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে যেমন অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশেও তেমনি অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন। স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিবেক, মনুষ্যত্ব ও দুঃসময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার সার্থকতা নিহিত।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তার রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রুহুল কবির রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই ড. মাহবুব উল্লাহর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit