আন্তর্জাতিক ডেস্ক : ‘এল নিনো’র প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি।
এসময় প্রেসিডেন্ট বলেন, ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। বলিভিয়ায় এর কারণে কোথাও বন্যা, আবার কোথাও খরা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সম্পদ দ্রুত ব্যবহারের সুযোগ তৈরি করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভাষণে প্রেসিডেন্ট পেজ বলেন, ‘এল নিনো’র প্রভাবে খরা ও বন্যার মতো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সংকট মোকাবিলায় সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।
জরুরি অবস্থার ঘোষণায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও বেশি উদ্ধারকারী দল মোতায়েনের নির্দেশনাও রয়েছে বলেও জানান তিনি।
বিশ্বের আবহাওয়া বদলে দেওয়ার অন্যতম প্রধান কারণ ‘এল নিনো’ গত কয়েক মাস ধরে আরও শক্তিশালী হয়ে উঠছে। দেখা দিচ্ছে ভয়াবহ দাবানল, নজিরবিহীন বন্যা ও অতি তীব্র তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়। এ পরিস্থিতিতে ‘এল নিনো’র প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৫০