বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংস্কার ৮০ শতাংশ শেষ, ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর আবারও জাতীয় ক্রিকেটের বড় মঞ্চে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বরিশালের। নগরীর কীর্তনখোলা নদীর তীরে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পুনঃসংস্কারকাজ এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। 

ডিসেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই বাকি কাজ শেষ করে মাঠ বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সংশ্লিষ্টরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরেই বরিশালের মাঠে গড়াতে পারে জাতীয় পর্যায়ের ক্রিকেট। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

স্টেডিয়ামের সংস্কারকাজের অগ্রগতি সরেজমিন দেখতে এসে বিসিবির এ কর্মকর্তা মাঠ, মাঠসংলগ্ন স্থাপনা ও বিভিন্ন ভবন ঘুরে দেখেন। এ সময় সংস্কারকাজের বর্তমান অবস্থা, বাকি কাজ এবং মাঠ হস্তান্তরের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে শাহনিয়ান তানিম বলেন, স্টেডিয়ামের সংস্কারকাজসহ আনুষঙ্গিক অনেক কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ বিলম্বিত হওয়া নিয়ে কাউকে দোষারোপ করতে চান না তিনি। এখন দ্রুততম সময়ে বাকি কাজ শেষ করে মাঠ বুঝে নেওয়ার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিসেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক, সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। এসব স্টেডিয়াম জাতীয় পর্যায়ের খেলা আয়োজনের সুযোগ পাওয়ার দাবিদার। বরিশালেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট ফিরিয়ে আনার বিষয়ে বিসিবি কাজ করছে। আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, বরিশালে আমরা বাংলাদেশের ক্রিকেট আনতে চাই। সে দিক বিবেচনা করেই আমরা কাজ করছি।

স্টেডিয়াম সংশ্লিষ্টরা জানান, পুনঃসংস্কারকাজের বড় একটি অংশ ইতোমধ্যে শেষ হয়েছে। মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে। বাকি কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ব্যবহারের উপযোগী করার লক্ষ্য রয়েছে। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের পরিদর্শনের মধ্য দিয়ে সংস্কারকাজের অগ্রগতি ও মাঠ হস্তান্তরের প্রস্তুতি আরও গুরুত্ব পেয়েছে।

একসময় বরিশালের ক্রিকেটপ্রেমীদের নিয়মিত বড় ম্যাচ দেখার সুযোগ থাকলেও দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের ক্রিকেট থেকে অনেকটাই দূরে রয়েছে নগরীর এই স্টেডিয়াম। সংস্কারকাজ শেষ হলে সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডিসেম্বরের টুর্নামেন্টে বরিশালে বেশি সংখ্যক ম্যাচ আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এর মাধ্যমে শুধু জাতীয় পর্যায়ের ক্রিকেট নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথও আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ক্রিকেট নিয়মিত ফিরলে বরিশাল বিভাগের ক্রিকেটারদের জন্যও এটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ঘরের মাঠে বড় দলের ম্যাচ দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

স্টেডিয়ামের সংস্কার শেষ হওয়ার পর মাঠের অবস্থা, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে পরবর্তী সময়ে ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

এদিকে ডিসেম্বরের টুর্নামেন্টকে সামনে রেখে দ্রুত বাকি কাজ শেষ করে স্টেডিয়াম প্রস্তুত করার লক্ষ্যেই বর্তমানে সংশ্লিষ্টদের কার্যক্রম চলছে। সব প্রস্তুতি সময়মতো শেষ হলে ডিসেম্বরেই বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য ফিরতে পারে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যায়ের ক্রিকেট।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit