ডেস্ক নিউজ : ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই না করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার সকালে সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় এ নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়।
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও সরকার যাচাই-বাছাই করে এবং বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে।
এদিকে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে, তাতে দেশি বা বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব যাতে না পড়ে, সেদিকে সরকারের নজর রয়েছে।
মন্ত্রী বলেন, বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে সরকার প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১২