ডেস্ক নিউজ : দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা’র অভিযোগে গঠিত তদন্ত কমিটি কেন বিলুপ্ত হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিট দায়ের করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। এ ধরনের কমিটি এখতিয়ারবর্হিভূত বলে দাবি রিটকারীদের। তাদের দাবি, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তার ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘যাচাইহীন’ সংবাদের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত সমস্ত তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত করা এবং পরবর্তীতে নেওয়া সব ব্যবস্থা প্রত্যাহারের একটি আবেদন দেন। সেটি নিষ্পত্তি না করায় তারা রিট করেন।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫