দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১৮টি টিউবওয়েল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মো. তোবারক হ্যাপি, মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিওও আবু কামরুজ্জামান,অপারেশন ডিপার্টমেন্টের প্রোগ্রাম অফিসার আব্দুল কাদের সজিবসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি স্বাবলম্বিতা অর্জনে সহায়তা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১৮টি টিউবওয়েল বিতরণ করা হয়।
একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মাস্তুল ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলোর জন্য টিউবওয়েল বিতরণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ১১:৩৩