সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁয় আট হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে।
শুক্রবার দুপুরে নওগাঁ সদর উপজেলার মশরপুর জামে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মারুফ রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে ফলজ গাছের মাধ্যমে ভবিষ্যতে স্থানীয়ভাবে ফলের চাহিদাও পূরণে ভূমিকা রাখবে। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি গাছ লাগানোর বিষয়ে মুসল্লিদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১২