জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উত্তোলিত মাটি পুনরায় পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ধলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধলিয়া খালে অবৈধভাবে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সত্যতা মিলে যে, সেতুর পাশের বাসিন্দা মো. হামিদ নিজের বাড়ির কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেতুর নিচের সরকারি অংশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন।
ঘটনার সত্যতা পাওয়ার পর আদালত তাকে তাৎক্ষণিকভাবে উত্তোলিত মাটি পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি শ্রমিক নিয়োগ করে উত্তোলিত মাটি সেতুর নিচের আগের স্থানে ফিরিয়ে দেন।
এ অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর সংশোধিত ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া বলেন, পরিবেশ ধ্বংস করে পাহাড় বা নদী-খালের মাটি কাটার মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩