রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তানে চলা শান্তি আলোচনা নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চলমান আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিরা দেশের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পাকিস্তানে থাকা ইরানি প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় ‘সাহসের সঙ্গে আলোচনা’ করবে।

তিনি আরও বলেন, আলোচনার ফল যাই হোক না কেন, জনগণের জন্য সরকারের কাজ এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না এবং সরকার সব সময় জনগণের পাশে থাকবে।

এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হিসেবে দেখা হচ্ছে। 

ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল, পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই পক্ষ পরোক্ষভাবে আলোচনা করবে। তবে পরে পাকিস্তানের কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন।

এই আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় দুই ঘণ্টা আলোচনার পর নৈশভোজের বিরতি দেওয়া হয় এবং পরে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আলোচনায় বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন পরিস্থিতি নিয়েও কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের অভিযান আপাতত দক্ষিণ লেবাননের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে এবং বৈরুতে নতুন করে হামলা নাও হতে পারে।

এছাড়া ইরানের কিছু সম্পদ ছাড়ের বিষয়েও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে ইরানি সূত্র জানিয়েছে। তবে আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। রুদ্ধদ্বার বৈঠক হওয়ায় ধীরে ধীরে তথ্য আসছে এবং তা তাৎক্ষণিকভাবে যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আল–জাজিরা।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit