শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বরিশালের ৬ আসনেই এগিয়ে বিএনপির প্রার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল পেতে শুরু করেছেন প্রার্থীরা।

যদিও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে, তবে তার আগেই প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী বরিশাল জেলার ছয়টি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বরিশাল সদরে বিএনপির সঙ্গে লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া বাকি পাঁচটি আসনে জামায়াত ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাত ৮টা পর্যন্ত পোলিং এজেন্টদের দেওয়া প্রিজাইডিং অফিসারদের তথ্য অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ১২৯টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৫১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৪৪ হাজার ৭৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান পেয়েছেন ১৮ হাজার ৮০২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পেয়েছেন ১৬ হাজার ৮৭৪ ভোট।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৯ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ১১ হাজার ৪৭৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মন্নান পেয়েছেন ১ হাজার ৩৪১ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনেও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মো. রাজিব আহসান এগিয়ে রয়েছেন। স্থানীয় সাংবাদিকদের হাতে পাওয়া সীমিত সংখ্যক কেন্দ্রের ফলাফল অনুযায়ী, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দ্বিতীয় অবস্থানে এবং সাবেক সাংসদ লাঙল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু তৃতীয় অবস্থানে রয়েছেন। একইভাবে বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বারের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এছাড়া বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ৭ হাজার ৪২৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল হক পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট।

অপরদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১৩টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের আবুল হোসেন খান পেয়েছেন ৭ হাজার ৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহামুদুন্নবী তালুকদার পেয়েছেন ৪ হাজার ৯১৪ ভোট।

এদিকে শুধু বরিশাল-৬ আসনে পাওয়া গণভোটের তথ্যানুযায়ী ‘হ্যাঁ’ পেয়েছে ১০ হাজার ৪০৫ ভোট এবং ‘না’ পেয়েছে ৪ হাজার ৯৮৯ ভোট।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ বরিশাল জেলার ১০টি উপজেলায় মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ২৯ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এসব তথ্য জানান। এর আগে শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৮৩৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশালের ছয়টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১০টি উপজেলার মধ্যে গৌরনদীতে ৬২ দশমিক ০১ শতাংশ, আগৈলঝাড়ায় ৬১ দশমিক ৭১ শতাংশ, উজিরপুরে ৫৮ দশমিক ০২ শতাংশ, বানারীপাড়ায় ৬১ দশমিক ৭৯ শতাংশ, মুলাদীতে ৫১ দশমিক ৭৯ শতাংশ, বাবুগঞ্জে ৫৪ দশমিক ৫ শতাংশ, মেহেন্দিগঞ্জে ৫৬ দশমিক ৭৪ শতাংশ, হিজলায় ৬০ দশমিক ৫৬ শতাংশ, বরিশাল সদরে ৫১ দশমিক ৮৩ শতাংশ এবং বাকেরগঞ্জে ৫৩ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

এদিকে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ২৯ হাজার ৪৭৭ জন পোস্টাল ব্যালটের জন্য আবেদন করলেও ভোট দিয়েছেন ২২ হাজার ৭৬ জন। এতে পোস্টাল ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

কিউএনবি/বিপুল/১২,০২.২০২৬/রাত ৯.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit