শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।

নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। নিহত অন্যদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এ খবর জানান।

এ আগুনে এত হতাহত কেন—এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোয় আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩–এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।

সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

কিউএনবি/বিপুল/১৬.০১.২০২৬/দুপুর ২.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit