স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় থাকা রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের এবার টেস্টেও অভিষেক হচ্ছে। রশিদ খানের বদলি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে গজনফরকে দলে নিয়েছে আফগানরা। গ্রোয়েন ইনজুরির কারণে চিকিৎসকদের পরামর্শে অনেকদিন থেকেই টেস্ট ফরম্যাটের বাইরে ছিলেন রশিদ খান। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার লাল বলের ক্রিকেটে খেলেছিলেন এই লেগি।
তবে এবার চোটের জন্য নয় বরং ব্যক্তিগত কারণে টেস্ট দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রশিদ। প্রথম টেস্টে না খেললেও সিরিজের দ্বিতীয় টেস্টে রশিদ খেলবেন বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)।
আরও পড়ুন: কতটা সফল হলো এনসিএলের প্রথম আসর? রশিদের বদলি হিসেবে প্রথম টেস্টের স্কোয়াডে গজনফরকে ডাকা হয়েছে। আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলে ১৩.৫৭ গড়ে ২১ উইকেট শিকার করছেন তিনি। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
রশিদের বদলি হিসেবে ডাক পেয়েছেন আল্লাহ মোহাম্মদ গজনফর। ছবি: সংগৃহীত
এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে মোট সাতজন খেলোয়াড় অভিষেকের অপেক্ষায় আছেন। যে তালিকায় আছেন- অলরাউন্ডার ইসমাত আলম, বাঁহাতি স্পিনার জহির শেহজাদ এবং বশির আহমেদ আফগান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণে তারা স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমাদ, রিয়াজ হাসান এবং সেদিকুল্লাহ আতালও অভিষেকের অপেক্ষায় আছেন। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকলেও সেই টেস্টটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
আরও পড়ুন: তিন বছর পর আফগানিস্তানের টেস্ট দলে রশিদ খান আফগানিস্তানকে এই সিরিজ খেলতে হচ্ছে প্রধান কোচ জোনাথন ট্রটকে ছাড়াই। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ফরম্যাটে কোচের দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণে টেস্টে তিনি কোচের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। সাবেক পেসার হামিদ হাসান এই টেস্ট সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তার সহকারি হিসেবে থাকছেন নওরোজ মঙ্গল। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শহিদি।