ডেস্ক নিউজ : ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বিভিন্ন মোবাইল ফোন বিক্রেতাদের ভিডিও দেখে ১০ বছরের শিশু জানতে পারে রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা শপিং মলে মোবাইল ফোন কিনতে পাওয়া যায়। এই ভিডিও দেখে ট্রাঙ্ক থেকে বাবার ব্যবসার ৫০ হাজার টাকা চুরি করে শেরপুর থেকে ঢাকায় আসে ওই শিশু। পরবর্তীতে মার্কেটের নিরাপত্তা কর্মীরা শিশুটিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে রোববার (২৬ মে) রাতে নিজেদের হেফাজতে নিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মোহাম্মদ মহসীন জানান, রোববার রাতে বসুন্ধরা শপিং মলের নিরাপত্তা কর্মীদের তথ্যের ভিত্তিতে এক শিশুকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ইউটিউবে দেখে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন মোবাইল সেট পাওয়া যায়। তখনই সে ঢাকায় এসে মোবাইল কেনার পরিকল্পনা করে। প্রথমে সে তার বাসা থেকে কাউকে কিছু না বলে বাবার জমানো ৫০ হাজার টাকা নিয়ে নেয়। বিভিন্ন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে প্রথমে শেরপুর থেকে ঢাকা মহাখালী আসে।
ওসি মহসীন আরও বলেন, শিশুটি দূরন্ত টাইপের। সে মোবাইল কেনার জন্য ঘরের ট্রাঙ্কে বাবার ব্যবসার জন্য রাখা টাকা নিয়ে ঢাকায় চলে আসে। পরে শিশুটিকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/দুপুর ১:২৫