আন্তর্জাতিক ডেস্ক : গাজায় গত ৭ মাসেরও বেশি সময় ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এরই মধ্যে প্রায় ৩৫ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ হাজার। আর সেই শুরু থেকেই এই গণহত্যায় ইসরাইলকে সহযোগিতা করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার এই অবস্থান মেনে নিচ্ছেন না সাধারণ মার্কিনিরা। তারা নানাভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে করে সম্প্রতি জরিপ পরিচালনা করে সিএনএন। রোববার (২৮ এপ্রিল) জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপ মতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার বিচার চললেও তিনি জনপ্রিয়তায় ক্ষমতাসীন বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন। যতই সময় গড়াচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তার পাল্লা ভারি হচ্ছে। বিপরীতটা ঘটছে বাইডেনের ক্ষেত্রে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদকে ‘সফল’ বলছেন বেশিরভাগ মার্কিনিই। অন্যদিকে বাইডেনকে বলছেন ‘ব্যর্থ’।
আরও অনেক বিষয়ের সঙ্গে গাজা বিষয়ক নীতি বাইডেনের জনপ্রিয়তায় ধস নামার প্রথান কারণ বলে মনে করা হচ্ছে। সিএনএনের জরিপ মতে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে ৪৯ শতাংশ মার্কিনি ট্রাম্পকে বেছে নিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে এক জনমত জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তার হার ছিল ৪৯ শতাংশ। অন্যদিকে দুইজনের মধ্যে বাইডেনকে বেছে নিয়েছেন মাত্র ৪৩ শতাংশ মার্কিনি। যা গত জানুয়ারিতে ছিল ৪৫ শতাংশ। অর্থাৎ আগের চেয়ে দুই শতাংশ কমেছে।
জরিপে অংগ্রহণকারীরা বাইডেনের অন্যান্য নীতিরও সমালোচনা করেছেন। যেমন বাইডেনের স্বাস্থ্য নীতির প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৪৫ মানুষ। আর শিক্ষানীতির প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪ শতাংশ। এছাড়া অর্থনীতি বিষয়ে বাইডেনের নীতিকে সমর্থন করেছেন ৩৪ শতাংশ এবং মুল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাইডেনের নীতিকে সমর্থন করেছেন ২৯ শাতাংশ মার্কিনি।
বেশির ভাগ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের শাসনামল ভালো ছিল। বাইডেনের তুলনায় সফল প্রেসিডেন্ট ছিলেন তিনি। ৫৫ শতাংশ মার্কিনি বলেছেন, ট্রাম্প সফল ছিলেন। অন্যদিকে ৪৪ শতাংশ বলেছেন, তিনি ব্যর্থ ছিলেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যাপারে ৬১ অংশগ্রহণকারীরা বলেছেন, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আর মাত্র ৩৯ শতাংশ বলেছেন, তিনি সফল। ১৭ শতাংশ মার্কিনির মতে, বাইডেন–ট্রাম্প উভয়েই ব্যর্থ। তারপরও ভোট দিতে হলে ৪৩ শতাংশ ট্রাম্পকে ভোট দেয়ার ইচ্ছা পোষণ করেছেন, আর ৩১ শতাংশ বাইডেনকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫০