শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

রোহিত নাম্বার সেভেন থেকে এসে ১০ হাজার করে ফেলেছে: সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল বুধবার বিকালে ফেসবুকে ভিডিও বার্তায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, তাকে বোর্ডের শীর্ষ পর্যায়ের কেউ মিডল অর্ডারে খেলার প্রস্তাব দিয়েছিলেন। মিডল অর্ডারে খেলার প্রস্তাব যদি কেউ দিয়েও থাকেন, তাহলে সেটি দলের ভালোর জন্যই দেওয়া হয়েছে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, রোহিত নাম্বার সেভেন থেকে এসে ১০ হাজার করে ফেলেছে।

বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন সাকিব। সেখানে তামিমের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে কথা বলেন তিনি।

সাকিব বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৫ থেকে খেলা শুরু করেছি বাংলাদেশের হয়ে, তখন থেকে দেখে আসছি, খুব ভালোভাবে যে প্লেয়ার দলের জন্য অবদান রাখছে, ভালো করছে, তাকে কখনো বাদ দেয়নি বাংলাদেশের কোনো দল। কোনো দিনও না। সিম্পল একটা উদাহরণ দিই—রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না, হঠাৎ করে বিশ্বকাপ দলে আসলেন। হয়তো যে দুই ম্যাচে খেলেছেন, সেভাবে অবদান রাখতে পারেননি সেভাবে। সুযোগ ছিল, পারফেক্ট স্টেজ ছিল ভালো করার ওনার জন্য। তবে ওনার যে নিবেদন, দলের প্রতি দায়বদ্ধতা, ইচ্ছা ছিল, সবাই দেখেছে সবকিছু। পার্থক্য আছে।’

তিনি বলেন, ‘আমার তো দায়িত্ব না পুরো দল নির্বাচন করা। এটা হলে তো এশিয়া কাপের এক দিন আগে দল ঘোষণা করে দল দিতে পারত না। অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়। শুধু মাঠের পারফরম্যান্স না, মাঠ ও মাঠের বাইরে, ড্রেসিংরুম, আবহ—অনেক কিছু চিন্তা করতে হয়। বলছি না যে আমি সম্পৃক্ত। কারণ, এগুলোতে এখন খুবই কম সম্পৃক্ত।’

তামিমকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘আমি যেটা বললাম, আলোচনাই হয়নি এটা নিয়ে আমার সঙ্গে। কেউ যদি বলে থাকে, সেটা অথরাইজড কেউ। আগে থেকে আলাপ করে রাখতে চেয়েছিল, যাতে দুই পক্ষের জন্যই ভালো হয়। এতে খারাপের কিছু দেখি না। খারাপের জন্য তো বলবে না। আমি নিশ্চিত, কেউ যদি বলে থাকে, দলের কথা চিন্তা করেই বলেছে যে “ওকে, ঠিক আছে, এমন কম্বিনেশন যদি করি! এ রকম বানালে কী হতো।” অনেক থাকে এমন। ম্যাচকে কেন্দ্র করে অনেক কিছু হয়। সে হিসাবে চিন্তা করে আগে থেকে পরিষ্কার করে রাখতে চায়, (তাহলে) আলোচনা দোষের কিছু না। নাকি প্রস্তাবই দেওয়া যাবে না? একজনকে বলা হবে, “যে যা ইচ্ছা তা–ই করো।” দল আগে না ব্যক্তি আগে?’

এই অধিনায়ক আর বলেন, ‘রোহিতের (শর্মা) মতো ক্রিকেটার নাম্বার সেভেন থেকে এসে ১০ হাজার করে ফেলেছে। মাঝে মাঝে সে–ও যদি তিন–চারে খেলে, ব্যাটিংয়ে না নামে, খুব একটা কি সমস্যা হয়? এটা আসলে আমার কাছে মনে হয়, একদম বাচ্চা মানুষের মতো, “আমার ব্যাট আমি খেলব। আর কেউ খেলতে পারবে না।”’

সাকিব বলেন, ‘দলের প্রয়োজনে যে কারও যেকোনো জায়গায় খেলা উচিত। টিম ফার্স্ট। ১০০-২০০ করে দল হারল, কিছু যায় আসে না। ব্যক্তিগত অর্জন দিয়ে কী করবেন আপনি আসলে? আপনি শুধু নিজের নাম কামাবেন? তাহলে কী? ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিম, ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিম অ্যাট অল…মানুষ এই পয়েন্টগুলাই বোঝে না। যখন দেখলেন প্রস্তাব দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? হয়তো দলের ভালো হবে। অবশ্যই আলোচনা আছে যে না আমি পারব, আমি নিজের সেরাটা দেব। তাহলে আপনি টিমম্যান। না হলে আপনি টিমম্যান না। নিজের রেকর্ড, সাফল্য, খ্যাতির জন্য খেলছেন।’

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit