স্পোর্টস ডেস্ক : বাঁ পায়ের হাটুর লিগামেন্ট ছিড়েছ থিবো কোর্তোয়া মাঠের বাইরে। রিয়াল মাদ্রিদ তাই মৌসুমের শুরুতে পাচ্ছে না নিয়মিত গোলরক্ষককে। তাই বাধ্য হয়ে আরেকজন গোলরক্ষককে দলে ভেড়াতে হচ্ছে। আর তাতে কপাল খুলেছে চেলসির স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে ২৮ বছর বয়সী গোলকিপারকে এক মৌসুমের জন্য ধারে আনছে তারা।
রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘কেপা আরিজাবালাগাকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ধারে খেলাতে একমত হয়েছে চেলসি এবং রিয়াল মাদ্রিদ।’গত সপ্তাহে রিয়ালের সঙ্গে অনুশীলনে চোটে পড়েন কোর্তোয়া। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে তাঁর। পুরোপুরি সেরে উঠতে আগামী বছরের এপ্রিল লেগে যেতে পারে। এমনকি মৌসুমই শেষ হয়ে যেতে পারে। ইউক্রেনের গোলকিপার আন্দ্রে লুনিন ছাড়া রিয়ালের মূল দলে আর কোনো রিজার্ভ গোলকিপার নেই। তাই কেপাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে বাধ্য হয়েছে ক্লাবটি।
তবে লস ব্ল্যাঙ্কোসে আগেও আসার চেষ্টা করেছিলেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো জানিয়েছে, ২০১৮ সালে রিয়ালে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এই গোলকিপার। দুই কোটি ইউরোয় অ্যাথলেটিক বিলবাও প্রায় রাজিও হয়ে গিয়েছিল। কিন্তু তখন রিয়ালের কোচ জিনেদিন জিদান কেপাকে আনতে রাজি হননি। এরপর তাকে আট কোটি ইউরোয় কিনে নিয়েছিল চেলসি।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৮