শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চার বছর পর শনিবার পর্দা উঠছে এশিয়া কাপের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনার পর অবশেষে পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসরের। শনিবারই চার বছর পর বসতে চলেছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। ২০১৮ সালের পর ২০২০ সালে এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ২০১৯ সালের শেষ দিকে করোনা মহামারি শুরু হলে, ২০২০ সালের এশিয়া কাপ বাতিল হয়। সে বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। 

সূচি অনুযায়ী ২০২১ সালে শ্রীলঙ্কার মাটিতে হবার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার প্রভাব অব্যাহত থাকায় ওই বছরও এশিয়া কাপও বাতিল হয়। 

পরপর দুই বছর এশিয়া কাপ বাতিল হলে, এই টুর্নামেন্ট নিয়ে ২০২১ সালের অক্টোবরে আলোচনায় বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আলোচনা শেষে এসিসি ঘোষণা করে, ২০২২ সালে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আর ২০২৩ সালে পাকিস্তানের মাটিতে হবে এশিয়া কাপের ১৬তম আসর।

এসিসির ঘোষণা অনুযায়ী, এ মাসেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এশিয়া কাপের আসরটি। কিন্তু এতে বাঁধা হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। অচল অবস্থার সৃষ্টি হয় শ্রীলঙ্কায়। তৈরি হয় সঙ্কট। দেশটির স্বাভাবিক জীবনে মারাত্মক অবনতি ঘটে।

তাই বাধ্য হয়ে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করা থেকে নিজেদের সরিয়ে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা জানান, ‘শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। নিরাপত্তার কারণে এশিয়া কাপের স্পন্সর-সম্প্রচারকরা শ্রীলঙ্কায় আসতে রাজি নয়।’

পরবর্তীতে গেল মাসে আবারও আলোচনায় বসে এসিসি। সেই আলোচনায় সিদ্ধান্ত হয়, এশিয়া কাপের ১৫তম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে আয়োজক স্বত্ব থাকবে শ্রীলঙ্কারই। আয়োজক হওয়াতে অর্থ উপার্জনের সুযোগ থাকবে এসএলসির। অন্তত ৬৫ লাখ ডলার পাবে এসএলসি। এসিসির নিয়মানুযায়ী, এই অর্থ ‘হোস্টিং ফি’ হিসেবে বিবেচিত হবে।

এরপর গত ২ আগস্ট এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে এসিসি। এতে সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার পর শনিবার শুরু হবে এশিয়া কাপের ১৫তম আসর। 

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বপের কথা মাথায় রেখে এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করছে এসিসি। যাতে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে পারে অংশগ্রহণকারী দলগুলো। 

এর আগে ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে হওয়া আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। বাকী আসরগুলো হয়েছিলো ওয়ানডে ফরম্যাটে। 

এবারের আসরে মূল পর্বের আগে বাছাই পর্ব অংশ নেয় চার দল হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে বাছাই পর্ব শেষ হয়েছে। বাছাই পর্বের সেরা দল হয়ে মূল পর্বে খেলবে হংকং। 

মূল পর্বে দু’টি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

গ্রুপ পর্ব শেষে সেরা চার দলকে নিয়ে পরবর্তীতে হবে সুপার ফোর পর্ব। সেখানে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম দিন মাঠে নামবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এশিয়া কাপের মূল পর্বে ১৩টি ম্যাচ হবে শারজাহ ও দুবাইতে। শারজাহতে মাত্র ৩টি ম্যাচ রাখা হয়েছে। বাকী  ম্যাগুলো দুবাইয়ে।

এখন পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশি সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শিরোপার স্বাদ পেয়েছে  শ্রীলঙ্কা। আর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। 

অন্যদিকে, তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। তবে এবার নতুন চ্যাম্পিয়ন চান টাইগার অধিনায়ক সাকিব আল হসান।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:
২৭-০৮-২০২২ : শ্রীলঙ্কা-আফগানিস্তান, দুবাই, রাত ৮টা
২৮-০৮-২০২২ : ভারত-পাকিস্তান, দুবাই, রাত ৮টা
৩০-০৮-২০২২ : বাংলাদেশ-আফগানিস্তান, শারজাহ, রাত ৮টা
৩১-০৮-২০২২ : ভারত-হংকং, দুবাই, রাত ৮টা
০১-০৯-২০২২ : শ্রীলঙ্কা-বাংলাদেশ, দুবাই, রাত ৮টা
০২-০৯-২০২২ : পাকিস্তান-হংকং, শারজাহ, রাত ৮টা

সুপার ফোর: 
০৩-০৯-২০২২ : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, শারজাহ
০৪-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
০৬-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, দুবাই
০৭-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ রানার্স-আপ-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
০৮-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
০৯-০৯-২০২২ : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই

ফাইনাল: 
১১-০৯-২০২২ : সুপার ফোরের সেরা দুই দল, দুবাই 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit