বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিয়ের কার্ড দিতে গিয়ে ট্রাকচাপায় কনে নিহত, গায়েহলুদের বদলে শেষকৃত্যের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে বিয়ের শেষমুহূর্তের দাওয়াত পৌঁছে দিতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না ২৯ বছর বয়সী সফটওয়্যার প্রকৌশলী সিন্ধুশ্রীর। বিয়ের মাত্র কয়েক দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তার ১৯ বছর বয়সী ফুফাতো বোন বিদ্যাও। 

বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর দীপাঞ্জলিনগর এলাকায় তাদের স্কুটারে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, বৃহস্পতিবারই ছিল সিন্ধুশ্রীর গায়েহলুদ ও অন্যান্য বিয়ের আনুষ্ঠানিকতার প্রথম দিন। অথচ সেই দিনেই মেয়ের বিয়ের আয়োজনের বদলে তার শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে বাবাকে।

মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা নানজুন্দাপ্পা। বৃহস্পতিবার মর্গে মেয়ের মরদেহের সামনে দাঁড়িয়ে বারবার বিলাপ করছিলেন তিনি। তার ভাষায়, আজ আমার মেয়ের গায়েহলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অথচ আজ আমাকে তার শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে। রবিবার তার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান ঠিক করা হয়েছিল। আমাদের পুরো বাড়ি বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। এখন সব শেষ হয়ে গেল।

সিন্ধুশ্রী ছিলেন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পেশাজীবী। তার বিয়ের অনুষ্ঠান ঘিরে পরিবারে চলছিল ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার তার ‘আরাশিনা শাস্ত্র’ বা গায়েহলুদ এবং ‘বালে শাস্ত্র’ নামে ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। রবিবার নির্ধারিত ছিল বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। আত্মীয়স্বজনের উপস্থিতিতে আনন্দ-উৎসবে মেতে ওঠার কথা ছিল পুরো পরিবারের। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তেই সব আনন্দ পরিণত হয়েছে শোকে।

কান্নাজড়িত কণ্ঠে নানজুন্দাপ্পা জানান, দুর্ঘটনার দিন সিন্ধুশ্রী শেষমুহূর্তে একটি বিয়ের দাওয়াত পৌঁছে দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। তার ভাষায়, আমার মেয়ে সফটওয়্যার পেশাজীবী ছিল, আর আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। সে বলেছিল, আর একটি বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া বাকি আছে। সেটি দিতেই বের হয়েছিল। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। আজ তার গায়েহলুদ হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা তার দাহ করার প্রস্তুতি নিচ্ছি। রবিবার বিয়ের সংবর্ধনা ঠিক করা ছিল। মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু কিনেছিলাম। পুরো বাড়ি বিয়ের জিনিসপত্রে ভরা। কিন্তু সবকিছু শেষ হয়ে গেল।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত বিদ্যা তার বোনের মেয়ে। তার বোনের দুই সন্তান ছিল। অন্যদিকে নানজুন্দাপ্পার একমাত্র সন্তান ছিলেন সিন্ধুশ্রী। ফলে একমাত্র মেয়েকে হারিয়ে তার পরিবারের শোক আরও গভীর হয়ে উঠেছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সিন্ধুশ্রী এক প্রতিবেশীর কাছ থেকে একটি স্কুটার ধার নিয়ে আত্মীয়ের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে দিতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার ফুফাতো বোন বিদ্যা, যিনি ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার সন্ধ্যায় দীপাঞ্জলিনগর এলাকায় চলন্ত অবস্থায় তাদের স্কুটারটিকে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে দুই তরুণী সড়কে ছিটকে পড়েন এবং ভারী যানটির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেফতারের জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার জন্য এলাকায় ভারী পণ্যবাহী যান চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজনেরা। তাদের অভিযোগ, ওই এলাকায় যদি ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হতো, তাহলে হয়তো এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ক্ষুব্ধ স্বজনেরা প্রশ্ন তুলেছেন, এই ঘটনার দায় কে নেবে? বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল মেয়েটি। এখন তারা কীভাবে বাঁচবেন? পুলিশ যদি এই এলাকায় পণ্যবাহী যান চলাচলের অনুমতি না দিত, তাহলে হয়তো দুর্ঘটনাটি ঘটত না। দুটি প্রাণ চলে গেল, এর দায়ভার কে নেবে?

এদিকে সিন্ধুশ্রীর বিয়ের প্রস্তুতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা যাচ্ছে বিয়ের আয়োজন, কোথাও পরিবারের আনন্দঘন মুহূর্ত। এসব ছবি ও ভিডিও দেখে শোক প্রকাশ করছেন অসংখ্য মানুষ। যে বাড়িতে কয়েক দিন পর বিয়ের আনন্দে আত্মীয়স্বজনের মিলনমেলা হওয়ার কথা ছিল, সেই বাড়িতেই এখন চলছে দুই তরুণীর মৃত্যুর শোক।

একটি বিয়ের দাওয়াত পৌঁছে দেওয়ার শেষ কাজটুকু সারতে গিয়ে প্রাণ হারালেন হবু কনে সিন্ধুশ্রী। বৃহস্পতিবার যে হাতে তাঁর গায়েহলুদের আয়োজন হওয়ার কথা ছিল, সেই দিনেই তাকে চিরবিদায় জানানোর প্রস্তুতি নিতে হচ্ছে পরিবারকে। আনন্দ, বিয়ের সাজসজ্জা আর আত্মীয়স্বজনের সমাগমের বদলে এখন শোকের ভারে স্তব্ধ পুরো পরিবার।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit