স্পোর্টস ডেস্ক : সকালে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। শ্রীলঙ্কাকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ১২৪ রানের বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বর্ণ জয়ের লড়াইয়ে এশিয়ান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে।
নিশিন করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নেয় প্রায় অপরিচিত এক দল নিয়ে টুর্নামেন্টে আসা শ্রীলঙ্কা। বিপরীতে প্রতিপক্ষ ভারত যেন সোনা জয়ের পণ নিয়ে এসেছে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের দল ১৬৯ রান তোলে।
যদিও ওপেনার বৈভব সূর্যবংশী ও ইশান কিষাণ ছাড়া ভারতের ব্যাটিং লাইনআপের কেউ কার্যকর ইনিংস খেলতে পারেননি। শুরুতে অভিষেক শর্মা ৭ এবং এরপর সঞ্জু স্যামসন ৭ ও অধিনায়ক আইয়ার ১৩ রানে ফেরেন। সূর্যবংশী ২১ বলে ৬ চার ও ২ ছক্কায় করেছেন ৩৮ রান। এ ছাড়া প্রায় শেষ পর্যন্ত ভারতের ইনিংস টেনে নিয়ে যাওয়া ইশান ৪৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮০ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৯ রান। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন থারিন্দু রত্ননায়েক এবং সাহান আরাচিগে। পরে লক্ষ্য তাড়ায় নেমে জাসপ্রিত বুমরাহ’র প্রথম ওভারে রানের খাতা খোলার আগে শ্রীলঙ্কা দুই ব্যাটারকে হারায়। সেই উইকেটের মিছিল ৯.৫ ওভার পর্যন্ত চলমান ছিল। বিপরীতে ৪৫ রান তুলতে পারে লঙ্কানরা। দলটির পক্ষে কেবল নুয়ানিন্দু ফার্নান্দো দুই অঙ্কের ঘরে (১৫) পৌঁছাতে পেরেছেন।
এ ছাড়া ৫ ব্যাটারই আউট হন শূন্য রানে। ভারতের হয়ে বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক দুটি করে উইকেট নেন। শেষ দুই বলে শিকার ধরা অভিষেক পরের ম্যাচের প্রথম বলে উইকেট নিলে হ্যাটট্রিক পূর্ণ করতে পারবেন! এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ৩ অক্টোবর সকাল ১০টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একইদিন সকাল ৬টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক পাওয়ার লক্ষ্যে মোকাবিলা করবে।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০