বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

রাজনীতিতে যেভাবে পথ চলা এমপি মিষ্টির, প্রথম সংসদীয় মেয়াদেই ধাক্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট আর ভাঙচুরের ঘটনায় প্রথমে যার নাম ওঠে এসেছিল তিনি ছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনায় তাকে দলীয় পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রাড্ডা সেন্টারে এই  ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনায় উঠে এসেছেন এই নেত্রী। কীভাবে তার রাজনীতির মাঠে পথচলা শুরু, দলে তার সক্রিয়তা আর মিরপুরের স্থানীয় রাজনীতিতে তার প্রভাব— সবকিছু নিয়েই এখন নতুন করে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে মিষ্টির পদত্যাগের নির্দেশ আসার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফেরদৌসী আহমেদ মিষ্টি। চলতি বছরের ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া এই নেত্রীর রাজনৈতিক জীবনের এটিই প্রথম সংসদীয় মেয়াদ। 

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, তিনি সংসদের দুটি কমিটির সদস্য। সংরক্ষিত নারী আসনের জন্য ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে মনোনীত করে।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া মিষ্টির পেশা ব্যবসা। ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক পথচলা শুরু হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে। পরে তিনি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।

পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আসেন তিনি। সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। মিরপুরের রাজনৈতিক অঙ্গনেও পরিচিত মুখ হয়ে ওঠেন।

মিষ্টি সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী এবং ঢাকা-৮ আসনের বিএনপির প্রয়াত এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের (পিলখানা হত্যাযজ্ঞ) মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে তার মৃত্যু হয়।

মিষ্টির স্বামী সাইদুর রহমান নিউটন ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। ২০০২ সালের ১০ মে প্রকাশ্য দিবালোকে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিউটনের মৃত্যুর পর তিনি ওই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন।

গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit