বিনোদন ডেস্ক : বিনোদন জগতে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা ছোটপর্দায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবিরের। এ সময়ে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেন তিনি।
আশফাক বিপুল নির্দেশিত এয়ারটেল বাংলাদেশের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে তার পথচলা শুরু হলেও প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর তিনি বহু একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে নিজের উপস্থিতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন । অবশ্য এখন কাজ করা কমিয়ে দিয়েছেন, বেছে বেছে কাজ করেন এ অভিনেত্রী।
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে। সেই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এদিকে অভিনেত্রী আমেরিকা ঘুরে এসেছেন। অবশ্য দেশে ফিরে এলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে হয়ত নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন সাফা।
সম্প্রতি নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত তিনি। সেই আনন্দের অনুভব থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন এ অভিনেত্রী।
‘সম্পূর্ণা’ পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা কবির লিখেছেন— ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ। কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’তিনি আরও বলেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই— তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৫