বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও পুলিশ কর্মকর্তার চরিত্রে বড় পর্দায় ফিরছেন। মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় তাকে দেখা যাবে ডিসিপি আজুনি চরিত্রে। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা। তবে ‘দায়রা’য় তার চরিত্রের উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। সিনেমায় ডিসিপি আজুনিকে নিজের নারীত্ব ও স্বাভাবিক ব্যক্তিত্ব বজায় রেখেই কঠোরভাবে দায়িত্ব পালন করতে দেখা যাবে।
দিল্লিতে সিনেমাটির প্রচারণামূলক এক অনুষ্ঠানে কারিনা জানান, ভারতীয় সিনেমায় নারী পুলিশ চরিত্রকে প্রায়ই সাহসী ও কঠোর হিসেবে উপস্থাপন করা হয়। তবে ‘দায়রা’য় পরিচালক এমন একজন নারী পুলিশ কর্মকর্তাকে দেখাতে চেয়েছেন, যিনি ঠোঁটে লিপস্টিক পরেও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।
কারিনার ভাষ্য অনুযায়ী, ডিসিপি আজুনি বাইরে থেকে হাসিমুখের একজন মানুষ হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি যথেষ্ট কঠোর। চরিত্রটির এই বৈপরীত্যই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সিনেমায় কারিনার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। দুই পুলিশ কর্মকর্তার অপরাধ দমনের ভিন্ন পদ্ধতিকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে।
চরিত্রটির নৈতিক দ্বন্দ্বকে নিজের জন্য অভিনয়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন কারিনা। তার মতে, বাস্তব জীবনে তিনি বিষয়গুলোকে তুলনামূলক সহজভাবে দেখলেও সিনেমাটির গল্পে সঠিক ও ভুলের সীমারেখা স্পষ্ট নয়। এই ধূসর জায়গাটিই চরিত্রটিকে আরও জটিল করে তুলেছে।
অভিনয়ের বাইরে আপাতত অন্য কোনো কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন কারিনা। প্রযোজনা বা পরিচালনার পরিবর্তে নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাকেই তিনি এখন বেশি গুরুত্ব দিতে চান। ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’-এর পর ‘দায়রা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন কারিনা কাপুর খান।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০