বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবা ও আখাউড়ায় সোমবার বিকেলে মোটর সাইকেল আটকে অভিযান চালানো হয়। এ সময় শতাধিক মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আচরণবিধি অনুসারে ১৯ মে রাত ১২টা থেকে ২২ মে রাত ১২টা নাগাদ ভোটের এলাকায় মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে কসবা পৌর এলাকার তেতৈয়া মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। এরপর আখাউড়া পৌর এলাকার মায়াবী সিনেমা হল মোড় ও বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন সাংবাদিকদেরকে জানান, অবৈধ মোটর সাইকেল এবং কমিশনের নির্দিষ্ট স্টিকার ছাড়া মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেই অনুযায়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র আছে তারা নির্বাচনের পর মোটর সাইকেল নিয়ে যেতে পারবেন।
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ৮:৩৪