স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল গত বছর সাফ জিতে ভাসিয়ে ছিল উৎসবে। এবার তাদের লক্ষ্য ছিল অলিম্পিকে। অবশ্য তার আগে পাড়ি দিতে হত বাছাইপর্ব। সেখানে অংশ নেওয়ারও কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সাবিনা খাতুনরা খেলতে যাচ্ছেন না সেখানে। যে কারণে এবার জরিমানা গুনার শঙ্কায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
অলিম্পিক বাছাইপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে মিয়ানমারে। সেখানে বাংলাদেশের খেলাগুলো তুলনামূলক কঠিনই হতো। কারণ প্রতিপক্ষরা ছিল এশিয়ার শক্তিশালি দলগুলো। ইরান, মালদ্বীপ ও স্বাগতিক মিয়ানমার। তাদের বিপক্ষে খেলার কথা ছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।
খেলার জন্য নিবন্ধনও করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে অর্থ সংকটে পড়ে যাওয়ায় আর মিয়ানমারে দলকে পাঠাচ্ছে না বাফুফে। এ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দোষারোপ করে আসছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
তবে অন্য একটি আশঙ্কার বিষয়ও আছে বাংলাদেশের সামনে। আর তা হলো, শেষ মুহূর্তে দল সেখানে না খেললে বাফুফেকে জরিমানা গুনতে হতে পারে। সেই অঙ্কটা সাত থেকে সাড়ে সাত হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে সেটা মওকুফের জন্য বাফুফে আবেদন করেছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৪