রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নিঃসঙ্গতা, মুড সুইং— চোটের কারণে একটি মৌসুম খেলতে না পারার অনুভূতি কেমন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : “আমার মাকে আমি বলছিলাম। তার সঙ্গে বসে বললাম: ‘শোনো, আমার মনে হয় না আমি আর খেলতে পারব’।”- ইনজুরিতে দুঃস্বপ্নের মতো সময়গুলো নিয়ে বলছিলেন দেজান কুলুসেভস্কি। টটেনহাম ও সুইডেনের ২৬ বছর বয়সী উইঙ্গার কুলুসেভস্কি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ১৮ মাস হয়ে গেছে। এর মধ্যে স্পাররা জিতেছে ইউরোপা লিগ, বরখাস্ত হয়েছেন আনগে পোস্তেকোগলু ও থমাস ফ্রাঙ্ক, ইগোর টুডোরের সঙ্গে ‘পারস্পরিক সমঝোতার’ মাধ্যমে আলাদা হয়ে গেছে পথ, নিয়োগ পেয়েছেন রবার্তো দে জারবি।

২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার দুই সপ্তাহ আগে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন কুলুসেভস্কি। পরের পুরো মৌসুম তো বাদ পড়েছেনই, ২০২৬ বিশ্বকাপেও খেলা হয়নি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন সেই কথা তিনি শোনালেন টটেনহামের আভ্যন্তরীণ গণমাধ্যমে, ‘আপনার মনে হবে পুরো পৃথিবী আপনার কথা ভুলে গেছে।’

অবশেষে ‘ডেকি’ ডাকমানের এই খেলোয়াড় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং ২০২৫ সালের ১১ মের পর প্রথমবার টটেনহামের জার্সি পরার পথে তিনি। ইনজুরির কারণে দুনিয়া ওলটপালট হয়ে যাওয়া এবং ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়া একমাত্র ফুটবলার কুলুসেভস্কি নয়। মেয়েদের ফুটবলে এভারটন ক্লাব অধিনায়ক মেগান ফিনিগান সম্প্রতি ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি থেকে ফিরেছেন। মাঠের বাইরে তিনি ছিলেন ৬০২ দিন! 

বিবিসি স্পোর্ট-কে ২৮ বছর বয়সী ফিনিগান বললেন, ‘দীর্ঘদিনের পুনর্বাসনে কাটাতে হয়েছিল। আমার মাথায় তো অবসরের চিন্তাও ঢুকে গিয়েছিল।’ সতীর্থদের কাছ থেকে একেবারে আলাদা হয়ে গিয়ে অগণিত সময় জিম করা, বিরক্তি ও হতাশা- ফুটবলে শীর্ষ পর্যায়ে থাকা অবস্থায় ইনজুরির কারণে একটি মৌসুম থেকে ছিটকে পড়ার অনুভূতিটা আসলে কেমন?

২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার দুই সপ্তাহ আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টটেনহামের হোম ম্যাচ, কুলুসেভস্কির চোখে তখন অন্য কিছুর স্বপ্ন। সাবেক মিডফিল্ডার ও প্রেমিকা এলদিনা আহমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছিলেন তিনি। আর ম্যানইউর বিপক্ষে ছিল ইউরোপা লিগের ফাইনাল। প্যালেসের বিপক্ষে সেই ম্যাচটি সবকিছু বদলে দিলো।

টটেনহামের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়, অন্তত কয়েক মাসের জন্য মাঠের বাইরে যাচ্ছেন কুলুসেভস্কি। কিন্তু কিছু জটিলতার কারণে ওই কয়েকটি মাস যেন এক বছর মনে হচ্ছিল এবং কুলুসেভস্কির স্বপ্নের ক্যারিয়ার দুঃস্বপ্নের দিকে এগোচ্ছিল। ক্র্যাচে ভর করে তিনি বিলবাও যান এবং ম্যানইউর বিপক্ষে তার সতীর্থদের ইউরোপা লিগ ফাইনাল জয়ের প্রত্যক্ষদর্শী হন। তিনি বলেন, ‘এটা ছিল আমার জীবনের অন্যতম কঠিন দিন। সবাইকে সুখী দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি গেলাম ক্র্যাচে ভর করে। আমি মাঠে গিয়ে আমার মেডেল নিতে পারিনি। কারণ পিচ্ছিল হওয়ার কারণে পুরস্কারের মঞ্চ পর্যন্ত যাওয়া অনেক ঝুঁকি ছিল। দলকে বাসে করে উদযাপন করতে দেখা ছিল সম্ভবত এই যাত্রার অন্যতম কঠিন অংশ। কারণ নিজেকে খুব একা লাগছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবী আমাকে ভুলে গেছে।’

কয়েক মাস যাওয়ার পর কুলুসেভস্কিকে কয়েকটি অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এবং এমনকি তাকে চিকিৎসার জন্য হাঁটু প্রতিস্থাপন করতে বলা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন, ‘বিষণ্ণতা চেপে বসবে, কারণ কিছুই কাজ করছে না।’

তারপর তার জীবনে এলো আরেকটি ধাক্কা। সুইডেন কোচ গ্রাহাম পটার ফোন করে বললেন, ২০২৬ বিশ্বকাপে তার যাওয়া হচ্ছে না। অথচ ১৯ বছর বয়স থেকে নিজ দেশের জার্সিতে খেলছেন তিনি। 

দলে সুযোগ পেতে সময়মতো সেরে ওঠার আশা করেছিলেন কুলুসেভস্কি, ‘আমি দেয়ালের দিকে তিন ঘণ্টা ধরে তাকিয়ে ছিলাম। কারণ আমি সত্যিই বিশ্বাস করেছিলাম যে দলে ঢুকতে পারব।’

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে শুধু খেলোয়াড়রা নয়, তার আশেপাশের অন্য লোকেরাও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যান। কুলুসেভস্কির স্ত্রী এলদিনা বললেন, ‘তাকে ইউরোপা লিগ ফাইনাল ও বিশ্বকাপ এবং গত মৌসুমের সব প্রিমিয়ার লিগ ম্যাচ মিস করতে দেখে এবং ক্র্যাচে করে এদিক সেদিক ঘুরতে দেখাটা ছিল সত্যিই কঠিন।’

আবারও খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিলেন তিনি, ‘১৪ মাস হয়ে গিয়েছিল, সুস্থ স্বাভাবিক মানুষের মতো সিড়ি দিয়ে উপরে উঠতে পারতাম না। কিন্তু আমি হাল ছাড়ছিলাম না। কিন্তু এটাও মনে হচ্ছিল যে যদি ঠিক না হই, তাহলে আমি কী করব। কারণ আমার বয়স ২৬ এবং কিছু পরিকল্পনা ছিল।’

কুলুসেভস্কি এই বিষণ্ণ দিনগুলোতে দুই বছর বয়সী মেয়ে লিওনিকে নিয়ে স্বস্তি খুঁজে পেতে চেষ্টা করেন, ‘নিজেকে বলতাম আর যদি ফুটবল খেলতে না পারি, তাহলে তার সঙ্গে মজা করতে পারব।’ তারপর এলো স্বস্তির খবর। তার হাঁটুর অবস্থা দেখে বিশেষজ্ঞরা তাকে আবার অনুশীলন করার অনুমতি দেন।

১৯ অক্টোবর কুলুসেভস্কিকে স্পার ভক্তরা বীরোচিত অভ্যর্থনা দেন। ৫২৬ দিনে প্রথমবার মাঠে নামেন সেদিন। কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে ৮৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে ঢোকেন। 

শেষ বাঁশি বাজার পর স্ত্রী ও সন্তান পেছনে ৫২৬ লেখা জার্সি পরে তার জন্য অপেক্ষা করছিলেন। সংখ্যার পাশে লেখা ছিল, ‘আমার নায়ক’। এই নভেম্বরে তিনি সুইডেনের জার্সিও পরেছেন। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জয়ের ম্যাচে বেঞ্চ থেকে খেলতে নামেন তিনি।

এই মৌসুমে ক্লাবের হয়ে চারবার বদলি নেমে সব মিলিয়ে ৪২ মিনিট মাঠে ছিলেন কুলুসেভস্কি, ‘এখন প্রত্যেকটা দিন সুন্দর। আমি এখন আর এটাকে সহজভাবে নেই না।’

গবেষকরা বলছেন, নারী ফুটবলাররা তাদের পুরুষ ফুটবলারদের চেয়ে দুই থেকে ছয়বারের বেশি এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে ভোগেন। এভারটন অধিনায়ক ফিনিগান তো জীবনের মানেই হারিয়ে ফেলেছিলেন। তিনি বললেন, ‘আমি কী অবস্থায় ছিলাম সেটা পেছনে ফিরে দেখাটা অস্বস্তিকর। আমাকে যারা চেনে, তারা জানে আমি খুব প্রাণবন্ত, বেশ উচ্চস্বরে কথা বলি এবং সবকিছুর কেন্দ্রে থাকার চেষ্টা করি। কিন্তু পুনর্বাসনে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আমার মা বলছিল আমার মধ্যে কোনো জৌলুস আর ছিল না।’

তিনি বলে গেলেন, ‘আমি সবসময় ভাবছিলাম লোকেরা আমাকে নিয়ে কী ভাবছে। এতটাই ভুগছিলাম যে আমার বের হতেও ভালো লাগত না। আমার মনে হতো কেউ আর আমাকে তাদের সঙ্গে চাইছে না। গত ১৮ মাস ধরে আমার আশপাশের লোকেরা আমাকে কাঁদতে দেখেছে।’

২০২৫ সালের জানুয়ারিতে টটেনহামের বিপক্ষে এফএ কাপ ম্যাচে ইনজুরিতে পড়েন ফিনিগান। এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তিনি বললেন, ‘মানসিকভাবে আমি খুব কঠিন অবস্থার মধ্যে ছিলাম।’ এই বাজে সময়ে নিজের অনুভূতিগুলো লিখে পরিস্থিতি সামাল দিতেন, ‘তিনি আরও বলেন, ‘পুনর্বাসন পর্বটি ছিল এক চরম উত্তাল অভিজ্ঞতা, যেন এক রোলারকোস্টার। আমার সাথে যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তারা সবাই আপনাকে একথা বলবে। আমি যে এটা করেছি এবং টিকে গেছি, তার প্রমাণ হিসেবে একটি ডায়েরি রাখতে পেরে আমি সত্যিই খুব খুশি।’

আর্সেনাল ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ফারা উইলিয়ামস উল্লেখ করেছেন, নারী সুপার লিগে গুরুতর ইনজুরিতে পড়া খেলোয়াড়দের নির্দিষ্ট কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বললেন, ‘যখন তারা পুনর্বাসনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আর্থিক দুশ্চিন্তা থাকে, বিল পরিশোধ করতে হয়। চুক্তিও সংক্ষিপ্ত হয়ে পড়ে, একটা অস্থিরতা কাজ করে।’তিনি বললেন, ‘যখন আপনি ইনজুরি সামলাচ্ছেন, তখন মানসিকভাবে চাপের মধ্যে থাকতে হচ্ছে, ভাবতে হচ্ছে পরের চুক্তিটা কার কাছ থেকে আসতে যাচ্ছে। যখন আপনি চাপে, তখন আমার মনে হয় সেটা ইনজুরি থেকে সেরে উঠতে সাহায্য করে না।’

২০১৯ সালে অ্যাস্টন ভিলায় অবসর নেওয়ার আগে একাধিক দীর্ঘমেয়াদী হাঁটু ও হ্যামস্ট্রিং চোটে ভুগছিলেন মিকাহ রিচার্ডস। কয়েক মাস পর সাবেক ম্যানসিটি ও ইংল্যান্ড ডিফেন্ডার ইনজুরিগুলো ও ফুটবলের অন্ধকার দিক নিয়ে কথা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে একটি নিভৃত জায়গায় ছিলাম। আমি জানতাম না সেখান থেকে কীভাবে বের হবো। ২০১৬ সালের অক্টোবরে উলভসের বিপক্ষে ম্যাচ ও পেশাদার হিসেবে আমার ২৯৫তম ও শেষ ম্যাচের মধ্যে আড়াই বছর এবং ২০১৯ সালের যেদিন আমি অবসর ঘোষণা করলাম, আমি বাস্তবতাকে অস্বীকার করে চলছিলাম।’

তিনি বলে গেলেন, ‘আমি দৌড়াতে পারতাম, লাফাতেও পারতাম। কিন্তু আমার ডান হাঁটু মোচড় দিতে পারতাম না। কোনো উন্নতি হচ্ছিল না। যেভাবেই চেষ্টা করি না কেন, কোনো তফাৎ দেখছিলাম না। ভিলাতে যখন ইনজুরিতে পড়লাম, তখন কয়েকবার নিজেকে ভূত মনে হচ্ছিল। তার এক সপ্তাহে তিনবার, তারপর দুইবার, তারপর একবার আসতে বলেছিল। আমি জিমে গিয়ে নিজেকে বুঝাতাম, আমি একদিন ঠিক আছি। কিন্তু আসলে আমার কোনো ধারণা ছিল না আমার ও আমার শরীরে যা ঘটছে, সেটা কীভাবে মোকাবেলা করব।’

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit