শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম

নিজ প্রতিষ্ঠানের নারী কর্তার সঙ্গেও এনভিডিয়া প্রধানের ‌‘পরকীয়া’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

ডেস্ক নিউজ : চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে তদন্তের মুখে রয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এর মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ওই চীনা নারী ছাড়াও নিজের প্রতিষ্ঠানের অধস্তন এক নারী কর্মকর্তার সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

ওই নারী কর্মকর্তা হলেন কিম্বারলি পাওয়েল। তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এমন পাঁচজনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য জানিয়েছেন।

এনভিডিয়ার কর্মীদের জন্য নির্ধারিত আচরণবিধিতে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও এই নীতিমালার আওতাভুক্ত। পাশাপাশি, কোনো ধরনের অসদাচরণের অভিযোগ উঠলে তা দ্রুত তদন্ত করার বিধান রয়েছে প্রতিষ্ঠানটির নীতিমালায়। বিশ্বের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের অনেকগুলোতেই ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তন কর্মীর ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে স্থানীয় একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এমন দুজন ব্যক্তি জানিয়েছেন, তাদের ওই আচরণের ভিডিও ধারণ করা হয়েছিল। তবে নিউইয়র্ক টাইমস ভিডিওটি দেখেনি। হুয়াং ও পাওয়েল—দুজনই বিবাহিত এবং তাদের জীবনসঙ্গী আলাদা ব্যক্তি।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। তার নেতৃত্বেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত চিপ সরবরাহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। তবে সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে একাধিক অভিযোগ ও তদন্তের বিষয় সামনে এসেছে।

গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন হুয়াং। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই নারীকে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন বলে শনাক্ত করেছেন। চলতি মাসে ওই সম্পর্কের কথা স্বীকার করার পর বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নেয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজের নেতৃত্বে এ তদন্ত পরিচালিত হচ্ছে।

এর বাইরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী তিনটি কমিটির রিপাবলিকান নেতারাও হুয়াংকে রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। চীনা ওই নারী অ্যালিস হুয়াং নামে পরিচিত। তার সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগের বিষয়ে জানতে চান মার্কিন আইনপ্রণেতারা।

অন্যদিকে, চীন তাদের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত ওই নারীও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে সরাসরি জানতে চাওয়া হলে জেনসেন হুয়াং বলেন, ‘এ বিষয়ে সরাসরি কথা বলা উচিত বলে মনে করি না।’ এরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এনভিডিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বিবৃতি দিতে রাজি হয়নি। পাওয়েলের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বুধবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুয়াং ও পাওয়েলের সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরেও আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্য দিয়েছেন এনভিডিয়ায় কাজ করেছেন এমন পাঁচজন ব্যক্তি।

এনভিডিয়ায় ২০০৮ সালে যোগ দেন কিম্বারলি পাওয়েল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে এনভিডিয়ার চিপ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিভিন্ন কর্মসূচি তদারক করেন তিনি। বিশেষ করে চিকিৎসায় ব্যবহৃত ইমেজিং যন্ত্রে এসব প্রযুক্তির প্রয়োগ নিয়ে কাজ করেন পাওয়েল।

দীর্ঘ কর্মজীবনে ধাপে ধাপে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয়েছেন তিনি। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ২০১৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে পদোন্নতি পান। ২০১৭ সালের শেষ দিকে দায়িত্ব পান স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে এনভিডিয়ার প্রতিনিধিত্বও করেন তিনি।

গত মার্চে সান হোসেতে অনুষ্ঠিত এনভিডিয়ার বার্ষিক ডেভেলপার সম্মেলন জিটিসিতে বক্তব্য দেন পাওয়েল। স্বাস্থ্যসেবা ও জীববিজ্ঞানে নতুন অগ্রগতি আনতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন তিনি। তার উপস্থাপনায় জেনসেন হুয়াংয়ের একটি কার্টুনধর্মী ছবিও ব্যবহার করা হয়েছিল।

ওই সম্মেলনের সময় এনভিডিয়ার নির্বাহীরা কাছের একটি হোটেলে বৈঠক করছিলেন। সেখানে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখার দাবি করেছেন ঘটনাটি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। তাদের ভাষ্য, উপস্থিত একজন নিজের মুঠোফোনে ওই মুহূর্তের ভিডিও ধারণ করেন।

পরে ওই ব্যক্তির হাতে ফোন দেখতে পান হুয়াংয়ের নিরাপত্তাকর্মীরা। তিন ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, তাকে একটি জায়গায় আটকে রাখা হয়। এরপর নিরাপত্তাকর্মীরা তার কাছ থেকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।

যুক্তরাষ্ট্রের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অধস্তন কর্মীর সম্পর্কের অভিযোগ অবশ্য নতুন নয়। অতীতে এ ধরনের সম্পর্কের কারণে কয়েকজন শীর্ষ নির্বাহীকে পদ ছাড়তে হয়েছে।

২০১৮ সালে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন ব্রায়ান ক্রজানিচ। প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে অতীতে পারস্পরিক সম্মতিতে সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করার পর তাকে পদ ছাড়তে হয়।

এর পরের বছর একই ধরনের ঘটনায় চাকরি হারান ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুক। একাধিক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কোম্পানিটি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করেছিল ম্যাকডোনাল্ডস।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৬,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit