স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারায় সেটি এখন প্রায় অসম্ভব! বল-ব্যাটে দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারেননি শান্ত-তাইজুল-মিরাজরা। সেই ধারাবাহিকতায় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তাদের অবনতি হয়েছে।
আইসিসি আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। ব্যক্তিগত সেই র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ খেলা বেশিরভাগ ক্রিকেটার। স্বাগতিকদের বিপক্ষে উইন্ডিজ স্পিনাররা দাপট দেখালেও মিরাজ-তাইজুলরা স্পিনবান্ধব উইকেটের পুরো সুবিধা নিতে পারেননি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাদের দুই স্পিনারই নেন ৯ উইকেট, বাংলাদেশ সেখানে শূন্য!
এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মিরাজ-তাইজুল দুটি করে উইকেট নেন। এরপর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম (২১তম) তিন ধাপ এবং মিরাজ পিছিয়েছেন দুই ধাপ (২৪তম)। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তারাই বাংলাদেশের শীর্ষ বোলার। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের সুবাদে অফস্পিনার নাঈম হাসান চার ধাপ (৪৭তম) এবং দুই ইনিংসে একটি করে উইকেট নেওয়া পেসার শরিফুল ইসলাম তিন ধাপ (৫৪তম) এগিয়েছেন। ৩৮ নম্বরে থাকা হাসান মাহমুদের অবস্থান অপরিবর্তিত।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও পিছিয়েছেন মিরাজ। মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২৪ রান করা এই বাংলাদেশি তারকা এক ধাপ পিছিয়ে এখন চতুর্থ। এ ছাড়া সাদমান ইসলামের সেঞ্চুরি ছাড়া ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটারদের উল্লেখযোগ্য ইনিংস নেই বললেই চলে। ফলে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ (২৬তম), লিটন দাস চার ধাপ (৩৩তম), মুমিনুল হক এক ধাপ (৩৭তম) এবং মিরাজ আট ধাপ পিছিয়ে হয়েছেন ৭০তম। বিপরীতে সাদমান চার ধাপ এগিয়ে ৬৩তম স্থানে আছেন।
টেস্ট বোলারদের সামগ্রিক র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। সিরিজ নির্ধারণী টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে তার দল বড় ব্যবধানে হারলে দুই ইনিংস মিলিয়ে তিনি ৯ উইকেট শিকার করেন। যার সুবাদে মার্কো জানসেনকে দুইয়ে নামিয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠলেন স্টার্ক। এ ছাড়া এক ধাপ পিছিয়ে তৃতীয় হয়েছেন ম্যাট হেনরি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে টেস্টের শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছেন ইংল্যান্ড হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে তারই সতীর্থ জো রুট দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডও এক ধাপ উন্নতি হয়ে তিনে আছেন। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা দুই ধাপ পিছিয়ে হয়েছেন চতুর্থ।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০