সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যটালিয়ন ১৬ (বিজিবি)’র ‘নব-আদাতলা বিওপি সীমান্তে নতুন ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় ফিতা কেটে ও পতাকা উত্তোলনের মাধ্যমে জেলার সাপাহার উপজেলার বৈকন্ঠপুর মৌজায় ‘নব-আদাতলা বিওপি সীমান্ত ফাঁড়ি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি, জি+।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর আওতাধীন এই বিওপির মাধ্যমে জেলার উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবি’র কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও, বিজিবি একটি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে আসছে। এই নতুন বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫