বিনোদন ডেস্ক : গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত রাস্তায় ভিড়ের মাঝেই নাচতে দেখা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। সে সময় কৌশানির পরনে ছিল লাল শিফন শাড়ি আর কালো ব্লাউজ, খোলা চুল, আর গলায় পান্নার মালা। কৌশানির মাথায় একজন ছাতা ধরেছিলেন ঠিকই, তবে ভিড়ের মধ্য সেই ছাতা কী আর থাকে!
তাইতো কৌশানিকে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজেই নাচতে হয়েছে। নিউমার্কেটের রাস্তায় তখন কৌশানিকে ঘিরে ছিলেন বহুরূপীরা। তাদের সঙ্গেই ‘বহুরূপী’র ‘ডাকাতিয়া বাঁশি’ গানে জমিয়ে নাচলেন কৌশানি।
২৫ সেপ্টেম্বর বৃষ্টিভেজা এই রঙিন অনুষ্ঠানের মধ্যে দিয়েই মুক্তি পেল বহুরূপীর গান। যে গানটি গেয়েছেন ননীচোরা দাস বাউল। এদিকে এই গানে কৌশানির এই নাচ লেন্সবন্দি করার জন্যই বৃষ্টির মধ্যে মানুষের ভিড় উপচে পড়ল। সকলকে ‘বহুরূপী’ দেখার অনুরোধ করলেন কৌশানি।
আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। আর এটাই এবার উইন্ডোজ প্রোডাকশনের পূজার ছবি। গতবার মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। এই ছবিতে কৌশানী ছাড়াও অভিনয় করেছেন আবির, ঋতাভরী, শিবপ্রসাদ প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৯