বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সড়কে ডাকাতি প্রবণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এখন একটু ভিন্ন পন্থা নিয়েছে ডাকাতদল। সকাল হতেই ডাকাতদল হানা দিচ্ছে সড়কে। মূলত সকাল বেলার কুয়াচ্ছন্ন পরিবেশকে কাজে লাগিয়ে এসব ডাকাতির ঘটনা ঘটানো হচ্ছে। গত তিনদিন উপজেলার সদর ইউনিয়নের আনন্দপুর এলাকায় সাত সকালে ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনায় নাসিরনগর থানায় মামলা হয়েছে। পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার থেকে ডাকাতির ঘটনা শুরু। সর্বশেষ রবিবারও সকালেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকতদলের মূল টার্গেট সড়কে চলাচলকারি যানবাহন আটকে যাত্রীদের কাছ থেকে মোাবইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়া।
শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা সদর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুটি মাইক্রোবাস আনন্দপুর সিএনজি স্ট্যান্ডের পাশের একটি ব্রিজে পৌঁছলে একজন যাত্রী নামার সময় ডাকাতদল গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুট করে নেয়। এর কিছুক্ষণ পর আরো তিনটি মাইক্রোবাস এলে ওইগুলোর যাত্রীরদের কাছ থেকেও লুটে নেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সিলেট যাওয়ার পথে গ্রামীণ ফোনের তিনজন কর্মচারীকে একই স্থানে গাড়ি থামিয়ে তাদের কাছে থাকা সব লুটে নেয় ডাকাতদল। রবিবার সকাল সাতটার দিকে একজন অটোচালক ও এক যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাত দল।
শুক্রবার ঘটনার শিকার যাত্রী মো. মনির হোসেন জানান, চুনারুঘাট থেকে আসার সময় তিনি ডাকাতদলের কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে তিনিসহ অনেকে থানায় এসে বিষয়টি মৌখিকভাবে জানালে পরে এসে অভিযোগ করার কথা জানানো হয়।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, দু’দিন আগে ওই সড়কে একটি দস্যুতার ঘটনা ঘটলে থানায় মামলা দায়ের হয়। পুলিশ এক ডাকাতকেও গ্রেপ্তার করেছে। রবিবার একজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা তিনি জানতে পেরেছেন বলে জানান।
কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:১৩