স্পোর্টস ডেস্ক : বুধবার (২২ মার্চ) বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপের মুখোমুখি হয় রূপগঞ্জ টাইগার্স। শুরুতে ব্যাট করে দুই হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ২৫১ রান করে তারা। অধিনায়ক নাঈম ইসলাম ৭৮ ও ইমরানুজ্জামান করেন ৬৮ রান। রান ডিফেন্ড করতে নেমে রূপগঞ্জের বাবু দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি নেন ৫ উইকেট। তাতে গাজী গ্রুপের ইনিংস থামে ২৪০ রানে। গাজীর হয়ে আকবর আলি ৮৮ ও এনামুল হক ৮২ রান করেন।
মিরপুরে শুরুতে ব্যাট করে মোহামেডান ৮ উইকেটে ২৩৫ রান তোলে। দলের হয়ে মাহিদুল ইসলাম ৭০ ও ইমরুল কায়েস ৬৮ রান করেন। আবাহনীর হয়ে ৪ উইকেট নেন সাইফউদ্দিন। জবাবে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৪.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে আবাহনী। ওপেনিংয়ে নেমে ৮৬ বলে ১১০ রানের ইনিংস খেলেন নাঈম। আফিফ হোসেন করেন ৪৯ রান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫৮ তোলে অগ্রণী। মার্শাল আইয়ুব ১০৮ বলে ঠিক ১০০ রান করে আউট হন। বাকিদের মধ্যে সাদমান ইসলাম ৭৩ ও নাজির কাজি ২৮ রান করেন। জবাবে ঢাকা লিওপার্ড ১৩৭ রানে গুটিয়ে যায়। লিওপার্ডের হয়ে মঈন খান ৩১ ও সাব্বির হোসেন ২১ রান করেন। বাকিদের কেউই বিশের ঘর পার হতে পারেননি। অগ্রণীর হয়ে মোহাম্মদ ইলিয়াস নেন ৫ উইকেট। আরাফাত সানি ২টি, আবু হায়দার ও শরিফুল্লাহ নেন একটি করে উইকেট।
কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/রাত ৮:০০