স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ওয়ানডের আগেও পিছু ছাড়েনি বৃষ্টি। এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুশীলনে নামতে পারেনি টাইগাররা। অবশেষে দুপুর ১টায় অনুশীলনে নামলেও সেখানে ছিলেন না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি জানা ছিল আগে থেকেই, তবে মুশফিকের অনুশীলনে না থাকার কারণ জানা ছিল না তখন পর্যন্ত।
ছেলের অসুস্থতার কারণে দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান মুশফিকও ছুটে গিয়েছিলেন ঢাকায়। তাই এদিন তাকে দেখা যায়নি অনুশীলনে। মুশফিকের অনুশীলনে না থাকা ও ঢাকায় ফিরে যাওয়ার ব্যাপারে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) হঠাৎ করে ওর ছেলের শরীর খারাপ হয়েছিল। এজন্য সে ছুটি নিয়ে গিয়েছিল। আজকেই চলে আসছে। সাকিবও চলে আসছে।’
বুধবারের এই অনুশীলনে খেলোয়াড়রা যে চাইলেই অনুপস্থিত থাকতে পারেন, সেটাও জানিয়েছেন নাফিস। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আজকে কিন্তু ঐচ্ছিক অনুশীলন ছিল। কোনো দিন ঐচ্ছিক অনুশীলনে ৫ জন আসে, আবার কোনো দিন পুরো দল আসে।’তবে তৃতীয় ম্যাচে সাকিব বা মুশফিকের খেলা নিয়ে কোনো সংশয় নেই। দুজনই সিলেটের ফিরতি পথে আছেন বলে জানিয়েছেন নাফিস।
কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৯